বিশ্বনাথে প্রবাসী দম্পতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা ইফতার বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী এক সমাজসেবী দম্পতির উদ্যোগে অসহায় ও ভিক্ষুকদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৫মার্চ) বিকেলে পৌর শহরের বাসিয়া সেতুর ওপর শতাধিক অসহায় ও ভিক্ষুকের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করা হয়। পালেরচক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি হাজী ছবুর আলী এবং তার সহধর্মিণী শিরিন চৌধুরী আলীর পক্ষ থেকে এ ইফতার বিতরণ করা হয়।
প্রবাসে অবস্থান করায় দম্পতির পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তাদের চাচাতো ভাই কয়সর আহমদ। তিনি বলেন, রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা থেকে প্রতি বছরই হাজী ছবুর আলী ও শিরিন চৌধুরী আলী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়ে থাকে।
তিনি আরও জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রবাসে অবস্থান করেও এই দম্পতি এলাকার অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না এবং কোষাধ্যক্ষ আব্দুছ সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রতি বছর রমজান মাসে হাজী ছবুর আলী ও শিরিন চৌধুরী আলী দম্পতি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা এবং রান্না করা ইফতার বিতরণ করে থাকেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও তাদের পক্ষ থেকে রমজান উপলক্ষে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

