বিশ্বনাথে দোয়া ও ইফতার মাহফিলে তাহসিনা রুশদীর লুনা :
উন্নয়ন, অধিকার ও দুর্নীতিমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নতুন সরকারের বয়স মাত্র কয়েকদিন হলেও জনগণের প্রত্যাশা পূরণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “আপনারা যে আস্থা ও প্রত্যাশা নিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান দায়িত্ব। আগামী পাঁচ বছর হবে উন্নয়ন, অগ্রগতি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বছর।”
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পৌর শহরের রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, “দল বা ক্ষমতার নাম ব্যবহার করে কেউ যেন দুর্নীতি, দখলবাজি কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন। আমরা চাই এই জনপদ হোক দুর্নীতিমুক্ত ও সুশাসনের একটি উজ্জ্বল উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন মূলত এম. ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে। আমি সেই দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে বিভিন্ন খাল পুনঃখনন, রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই বিশ্বনাথ ও ওসমানীনগরকে এমন একটি জনপদ হিসেবে গড়ে তুলতে, যেখানে থাকবে শান্তি, মানবিকতা, ন্যায়বিচার ও সমৃদ্ধির পরিবেশ।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকলেও জনস্বার্থের বিষয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম আছকির আলী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারেস্টার আবরার ইলিয়াস অর্নব। স্বাগত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা আল ইসলাহ’র সেক্রেটারি মাওলানা মাহবুবুল ইসলাম।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা এবং দীর্ঘদিন ধরে নিখোঁজ এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সমন্বয়ক মাওলানা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি এলাকায় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।

