আজকের সময়ের সেরা খবর
নানান আয়োজনে বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

বৃপস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এরপর মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। এরপর একই স্থানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী এ সকল কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।