আজকের সময়ের সেরা খবর
মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার: এমপি তাহসিনা রুশদীর লুনা
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল মাইলফলক। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছিল। একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রয়াসে মানুষের মৌলিক অধিকার, এমনকি মতপ্রকাশের স্বাধীনতাও সংকুচিত করেছিল। তবে ৫ আগস্ট স্বাধীনচেতা বাঙালি আবারও তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় গড়ে তুলতে তিনি সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন, যা পুরো আয়োজনকে এক আবেগঘন পরিবেশে রূপ দেয়।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবি-এর সভাপতিত্বে এবং প্রকৌশলী আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ থানা অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।