বিশ্বনাথে হাজী নজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে প্রবাসীরা সবসময় আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেন। প্রবাসে অবস্থান করলেও দেশের যেকোনো দুর্যোগে তাঁরা সবার আগে মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে প্রবাসী তুফাজ্জল আলম দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে ফিরেই শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী তুফাজ্জল আলমের বাড়িতে হাজী নজির মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনার পুত্র ব্যারিস্টার মো. আবরার ইলিয়াস অর্ণব।
তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির সময়ও তুফাজ্জল আলম দেশের মানুষের পাশাপাশি যুক্তরাজ্যে অসহায় মানুষের ঘরে ঘরে ফুড প্যাক পৌঁছে দিয়েছেন। বিশ্বনাথের সব প্রবাসী যেন এভাবেই মানবতার কল্যাণে এগিয়ে আসেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
‘মানবতার সেবায় এগিয়ে আসুন, শীতার্ত মানুষের পাশে থাকুন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
হাজী নজির মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল আহমদের সভাপতিত্বে এবং আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিওনের সেক্রেটারি, হাজী নজির মিয়া ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক তুফাজ্জল আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সমাজসেবক ও বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খাঁন মুন্না, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী খলিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক হাজী তুতা মিয়া, ম্যানচেস্টার জামে মসজিদের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী হাজী আনছার উদ্দিন এবং ল কলেজের সাবেক সাধারণ সম্পাদক মো. নেছাওর আলী (বিএ)।
এছাড়াও অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

