একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:
একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদ। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুর রশিদ ইউসুফ।
সভায় বিদ্যালয়ের শতবর্ষপূর্তি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শতবর্ষপূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা নিশ্চিত করা, বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, আব্দুল হক ও ফখর উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ , সাবেক ছাত্র ও বর্তমান জালালাব ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. হাসমত উল্লাহ, সাবেক ছাত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ড. মুজিবুর রহমান, সাবেক ছাত্র ও একলিমিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান খান, সাবেক ছাত্র ও পালের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহার হেকিম উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানভীর আহমদ, সাবেক ছাত্র বিয়ানী বাজার সৈয়দ নবীব আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাদেক মিয়া।
বক্তারা বলেন, দীর্ঘ একশ বছরের ঐতিহ্য ও গৌরবের ধারক এ শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষপূর্তি একটি ঐতিহাসিক মাইলফলক। তাই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে শতবর্ষপূর্তি অনুষ্ঠানকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে হবে। এ লক্ষ্যে এখন থেকেই সমন্বিতভাবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপস্থিত ছিলেন , সৈয়দ লোকমান হোসেন, সুবিনয় মালাকার, আনোয়ার হোসেন, আব্দুল হামিদ, মুজিবুর রহমান, আনিছুজ্জামান খান, আবুল কাহার, আতাউর রহমান, আতিকুর রহমান, গোলাম হোসেন, ইসলাম উদ্দিন, শহীদ আহমদ, মরতুজ আলীসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় শতবর্ষপূর্তি উদযাপন সম্ভাব্য তারিখ আগামী ২৬,২৭ ডিসেম্বর কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

