বিশ্বনাথে আল-আজম হাইস্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে আল-আজম হাইস্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল-আজম হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম. আব্দুল আহাদের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতিও নজর রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবারকে সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখা জরুরি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আল-আজম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

