আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থী মুনতাছির আলীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোট থেকে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাছির আলী। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এর আগে একইদিন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন মুনতাছির আলী। মনোনয়নপত্র দাখিল শেষে রাতে বিশ্বনাথ পৌর শহরের একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, জোটের অবস্থান ও রাজনৈতিক ভাবনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় মুনতাছির আলী বলেন, ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত ৮ দলীয় জোট সম্প্রসারিত হয়ে বর্তমানে ১০ দলীয় জোটে রূপ নিয়েছে। এ কারণে কিছু আসনে আসন বণ্টন নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। সব আসনের বণ্টন প্রক্রিয়া চূড়ান্ত হলে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত খেলাফত মজলিস যে কয়েকটি আসন পেয়েছে, তার মধ্যে সিলেট-২ আসন অন্যতম। এ আসনে তিনি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি আরো বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যেসব আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, সেখানে সমন্বয়ের মাধ্যমে অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। এতে করে জোটের প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে মুনতাছির আলী বলেন, হিংসা-বিদ্বেষ, দখলবাজি ও চাঁদাবাজির রাজনীতি পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের আগেই নিজেকে বিজয়ী ভাবা সঠিক নয়; বরং জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি সুস্থধারার রাজনীতির স্বার্থে সবার জন্য সমান রাজনৈতিক মাঠ নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই প্রতিহিংসার স্থান থাকতে পারে না।

মুনতাছির আলী বলেন, আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ ভোট’কে বিজয়ী করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ১০ দলীয় জোট কাজ করছে। জনগণের ভোটে জোটের প্রার্থীরা নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা হবে। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ বিনির্মাণে ১০ দলীয় জোট প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমাকে কোনো একক দলের প্রার্থী হিসেবে নয়, বরং ১০ দলীয় জোটের একজন প্রার্থী হিসেবে বিবেচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি শাসক হয়ে নয়, একজন সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব—এই অঙ্গীকার করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আশরাফুল হক, পৌর খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি অধ্যক্ষ গৌছ উদ্দীন, সহসভাপতি মুহাম্মদ ছালিক মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, সহসম্পাদক মুহাম্মদ শরীফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, অর্থ সম্পাদক এনামুল হক, সংগঠক হাসান আহমদ চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে শোক: তাহসিনা রুশদীর লুনা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির গভীর শোক প্রকাশ

এইসময় ডেস্ক:


বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ইলিয়াসপত্নী লুনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি অন্ধকার সকাল। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী ও আপসহীন নেতৃত্ব এদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ছিল অনন্য।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন, নানা চড়াই-উৎরাই পার করেও নিজের আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘দেশের প্রতিটি সংকটে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, শক্তি ও আশা জুগিয়েছেন। পৃথিবীর নিয়মে আজ তাঁর যাত্রা শেষ হলেও একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী, একজন মা ও একজন দেশনেত্রী হিসেবে তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তাঁর মৃত্যু শুধু কোনো রাজনৈতিক দলের নয়, এটি একটি জাতির অপূরণীয় ক্ষতি।’

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্বনাথ উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেরিত এক শোকবার্তায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এটি শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।’

তারা বলেন, ‘গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। তাঁর প্রয়াণে রাজনীতির মাঠ হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর। তাঁর মৃত্যু শুধু দলীয় নেতাকর্মীদের নয়, পুরো জাতির ক্ষতি।’

শোকবার্তায় তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবার, সন্তান ও শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দলীয় চেয়ারপারসনের মৃত্যু উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সারা দেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময় দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীসহ উপজেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সাধারণ ছুটি দেওয়া হয়েছে।


সিলেট-২ আসনে জামায়াত প্রার্থী দিচ্ছে না, খেলাফত মজলিসকে সমর্থন

এইসময় ডেস্ক:

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) সংসদীয় আসনে প্রার্থী দিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দশ দলের মধ্যে চলমান রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এই আসনটি ছেড়ে দিয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে দলটি।

রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে সিলেট-২ আসনটি বিরোধী রাজনীতির একটি আবেগঘন ও তাৎপর্যপূর্ণ আসন হিসেবে পরিচিত। বিশেষ করে বিএনপির প্রভাব ও ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনায় আসনটি জাতীয় রাজনীতিতেও আলোচনায় রয়েছে।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। তিনি বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর স্ত্রী। ২০১৭ সালে ইলিয়াস আলীর রহস্যজনক নিখোঁজের পর থেকেই সিলেট-২ আসনটি সাধারণ মানুষের কাছে ‘ইলিয়াস আলীর আসন’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। এখনো তার সন্ধান না মেলায় এ আসনটি রাজনৈতিক ও আবেগী গুরুত্ব বহন করছে।

উল্লেখ্য, সিলেট-২ আসন থেকে জামায়াত ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সোমবার সিলেটের বাকি পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের সঙ্গে তিনিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পরবর্তীতে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই সিলেট-২ আসনটি খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহত্তর ঐক্য ও আন্দোলনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “সিলেট অঞ্চলের অন্যান্য আসনগুলোতে ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে দলীয়ভাবে আলোচনা চলছে। পরবর্তী সময়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতার ফলে সিলেট-২ আসনে নির্বাচনী সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। জামায়াতের সমর্থন পাওয়ায় খেলাফত মজলিসের প্রার্থী শক্ত অবস্থানে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বিএনপির ঐতিহাসিক আবেগ ও জনসমর্থনও এই আসনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে।