তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হ*ত্যা, চালক গ্রেপ্তার
এইসময় ডেস্ক:
নড়াইল সদর উপজেলার তুলারামপুরে এক ভয়াবহ ঘটনায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ট্রাকচাপায় নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করেছে।
নিহত নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের আকরম সরদারের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী জিহাদুল ইসলাম, তিনি তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিম উদ্দীন জানান, ঘটনার আগে ট্রাকচালক সুজাত পাম্পে তেল নিতে আসে। কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে তেল দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চালক সুজাত নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেয়।
পাম্পের অপর কর্মচারী সোহান ইসলাম বলেন, হুমকি দেওয়ার পরও সুজাত পাম্প এলাকায় অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাহিদ কাজ শেষ করে জিহাদুলকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলে সুজাত ট্রাক নিয়ে তাদের পিছু নেয়।
সন্দেহ হলে পাম্পের কর্মচারীরা মোটরসাইকেলে করে ট্রাকটির পেছনে ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পান, সুজাত ট্রাক দিয়ে নাহিদকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদুল গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে র্যাব যশোরের বাঘারপাড়া এলাকা থেকে ঘাতক ট্রাকচালক সুজাতকে গ্রেপ্তার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

