আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে অপরাধ দমনে সর্বমহলের সহযোগিতা চাইলেন ওসি

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক ক্রয়-বিক্রয় প্রতিরোধে সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) রাতে থানা কমপাউন্ডে পুলিশের উদ্যোগে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “আপনাদের নিজ নিজ এলাকায় যারা চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের তালিকা আমাদের কাছে দিন। বিশ্বনাথকে অপরাধমুক্ত করতে পুলিশের পাশাপাশি আপনাদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে এবং যাচাই-বাছাই শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে জনগণই পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানসহ বিভিন্ন সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, নতুন ও পুরাণ বাজারের ব্যবসায়ী নেতারা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বনাথে জমজমাট ‘বিজ্ঞান মেলা’র উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি:
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বিজ্ঞান মেলা’। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা ১২টি স্টলের মাধ্যমে নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ও মডেল প্রদর্শন করে উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধন শেষে ইউএনও উম্মে কুলসুম রুবি স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছাড়া আধুনিক বাংলাদেশ গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, আইসিটি কর্মকর্তা শোয়েব আখতার, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেলাটি আগামী কয়েকদিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।