আজকের সময়ের সেরা খবর
শমশেরনগরে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা বন্ধ ছিল সিলেট রেল যোগাযোগ
Spread the love

মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের অদূরে কালিপুর এলাকায় সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, ইঞ্জিন বিকলের কারণে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে উপবন এক্সপ্রেস ছাড়াও সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাগর কুমার সিংহ বলেন, সিলেট থেকে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে আটকে পড়া উপবন এক্সপ্রেসকে উদ্ধার করে শমশেরনগর স্টেশনে আনা হয়। পরে সকাল ৯টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে পাঠানো হবে।