বিশ্বনাথে সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী শাহ তাজুলের ‘কোরআন শরীফ’ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এবং তারুণ্যদীপ্ত সামাজিক সংগঠন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘প্রজেক্ট আল কোরআন বিতরণ’ কার্যক্রমের অংশ হিসেবে পৌর শহরের বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রে ৩৫ কপি নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
এর আগে সংগঠনটির উদ্যোগে ছয় ধাপে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ও এতিমখানায় নূরানী কোরআন শরীফ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৭ম ধাপে বিশ্বনাথ পৌরসভার মিয়াজানেরগাঁও গ্রামের কৃতি সন্তান ও সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ তাজুল ইসলামের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সোমবার (৩০ মার্চ) পৌর শহরের বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা আমিনুল ইসলামের হাতে ৩৫ কপি নূরানী কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নজির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের সেক্রেটারি কামরুল ইসলাম দুলাল, সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক আল হাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে শাহ তাজুল ইসলাম বলেন, তিনি আমৃত্যু ইসলামিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। এজন্য তিনি সর্বমহলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কোরআন শরীফ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য রেসকিউ লাইফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অন্যদিকে, কোরআন শরীফ বিতরণের মতো মহতী কাজে সংগঠনকে সম্পৃক্ত রাখায় রেসকিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহ তাজুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

