আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে মহা-মিলনমেলা
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্জী ইউনিয়নের নিরিবিলি গ্রামাঞ্চলে সুরমা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা শতবছরের প্রাচীন ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী মহা-মিলনমেলা আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল রোববার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তাজ উদ্দিন এবং সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, একটি মানুষকে হত্যা করা মানে পুরো মানবজাতিকে হত্যা করার শামিল। মানুষের জীবন শুধু এই দুনিয়াতেই সীমাবদ্ধ নয়। এই উপলব্ধি থেকে শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের আলোকে জীবন পরিচালনা করতে হবে। কারণ পরকালে আমাদের আরেকটি জীবনের হিসাব দিতে হবে।

তিনি আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বিভাগের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলেও ৩৫ বছর পেরিয়ে গেলেও এখানে ইসলামী কোনো বিভাগ নেই। এ বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং শিগগিরই সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, জীবনের সায়াহ্নে এসে আমি আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা জানাই যে, তিনি আমাকে আমার নিজ এলাকার শিক্ষা ও উন্নয়নে ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ দিয়েছেন। এই সৌভাগ্য সবার জীবনে আসে না। সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার মানোন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা নাসিম আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ও শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ। দ্বিতীয় দিনের কর্মসূচিতে হামদ-নাত, অতিথিদের বক্তব্য, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ফয়ছল আহমদ সুবাহদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহান চৌধুরী, কামালবাজার ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা বুরহান হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম মনোত্তর আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংবাদিক অঙ্গনের নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রবাসী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।