আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ‘মরহুম বরকত উল্লাহ এডুকেশনট্রাস্ট’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
Spread the love

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘মরহুম বরকত উল্লাহ এডুকেশন ট্রাস্ট’-এর উদ্যোগে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এই মহতী উদ্যোগে উপকৃত হয়েছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালীজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘বাগিছা বাজার প্রগতি পাঠাগার’-এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোমিন মামুন। তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। মরহুম বরকত উল্লাহ এডুকেশন ট্রাস্ট যে দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

সভায় বক্তারা আরও বলেন, শিশুরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠে, সেজন্য অভিভাবকদের সদা সচেতন থাকতে হবে। শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, এর পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক আচরণ শেখানো জরুরি। লেখাপড়ার পাশাপাশি কোমলমতি শিশুদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখলে তাদের মন-মানসিকতা থাকবে প্রফুল্ল এবং সুস্থ।

মরহুম বরকত উল্লাহ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি হাজী আব্দুল হাসিমের সভাপতিত্বে এবং সংগঠক কদর আলী ও প্রবীর দে’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার আমির আলী, ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদ, ৫নং ওয়ার্ডের মেম্বার আংঙ্গুর মিয়া, ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দে, রায়খেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কালীজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছু উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী হাজী মঈন উদ্দিন, শিক্ষানুরাগী হাজী গয়াছ উদ্দিন, সৌদি আরব প্রবাসী আজাদ মিয়া, বাগিছা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুজ্জামান নেছার এবং মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাগিছা বাজার দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কালীজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিব দে। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন বাগিছা বাজার দারুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মৌলানা সিদ্দিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সঞ্চিত আচার্য্য, কোকিল দাশ, সইবুর মিয়া, ফজল মাহমুদ, রুমেল আলী, সুবির দে, লিটু মিয়া, রতন বৈদ্য, মানিক বৈদ্য, আব্দুন নূর, ফুজেল মিয়া, চয়ন দে, রিয়াজ আহমদ, রনি দাস, গুলকর মিয়া, সিরাজ মিয়া, হাবিবুর মিয়া, নাঈম হাসিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মরহুম বরকত উল্লাহ এডুকেশন ট্রাস্ট এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত রাখবে এবং শিক্ষার প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখবে।