আজকের সময়ের সেরা খবর
মাতৃভাষা দিবসে ‘ইনকিলাব জিন্দাবাদ’ প্রসঙ্গে কড়া মন্তব্য ইকবাল হাসান টুকুর
Spread the love

এইসময় ডেস্ক:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও জাতীয় চেতনা নিয়ে সরব মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে এবং একে সত্যিকার অর্থে মাতৃভাষা হিসেবে মর্যাদা দিতে হলে ভাষার ক্ষেত্রে আপস করা যাবে না।

তিনি বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। এই শব্দ ও স্লোগানগুলোর সঙ্গে বাংলার আত্মিক সম্পর্ক নেই। ‘ইনকিলাব’ অন্য ভাষার শব্দ, যে শক্তি একসময় আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আজ সেটাই আমাদের তরুণদের মুখের ভাষা হয়ে গেছে। এটা আমাদের শিক্ষাব্যবস্থার ব্যর্থতা।”

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে। কিন্তু বর্তমান বাস্তবতায় সমাজ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। “মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সমাজ বদলানোর জন্য। এখন দেখছি সমাজ উল্টো পথে হাঁটছে,” বলেন তিনি।

নিজের অবস্থান নিয়ে সমালোচনার আশঙ্কার কথাও উল্লেখ করেন টুকু। তিনি বলেন, “এ কথা বললে আমাকে ভারতের দালাল বলা হতে পারে। তবুও বলব। কারণ আদর্শের জায়গা থেকে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, সেই বিশ্বাস থেকেই আজও কথা বলি।”

বক্তব্যে তিনি উপনিবেশিক শাসনের প্রভাবের কথাও স্মরণ করেন। তার মতে, ব্রিটিশ শাসন এ দেশের ভাষা ও সংস্কৃতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। ভাষা ও সাংস্কৃতিক দমননীতি থেকেই প্রতিরোধের বীজ রোপিত হয়, যা পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামকে ত্বরান্বিত করে।

তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভাষা ও জাতীয় চেতনার প্রশ্নে সচেতন না হলে চরমপন্থী প্রবণতা সমাজে প্রভাব বিস্তার করতে পারে। “নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মধ্যে জাতীয়তাবোধ শক্তভাবে গড়ে ওঠেনি,” মন্তব্য করেন তিনি।

সবশেষে তিনি বলেন, “নিজের ভাষা ও নিজের দেশ আমাদেরকেই গড়তে হবে। অন্য কেউ এসে আমাদের দায়িত্ব নেবে না।”