আজকের সময়ের সেরা খবর
একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফ আলীকে সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আশরাফ আলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী।

বক্তব্যে আশরাফ আলী বলেন, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়কে আরও উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। বিদ্যালয়টি সরকারি করা এবং ভবিষ্যতে কলেজে রূপান্তরের ক্ষেত্রে ভূমির সংকট দেখা দিলে সেই সংকট সমাধানে তিনি নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম ধরে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, ম্যানেজিং কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামান খান, ম্যানেজিং কমিটির  সাবেক  অবিভাবক ও শিক্ষানুরাগী সদস্য আব্দুর রশিদ ইউসুফ, সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইসলাম উদ্দিন এবং সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য নূর মিয়া।

বক্তারা আশরাফ আলীর শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তাঁর মতো শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতা ও নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষে স্বাগত বক্তব্য দেন হাবিবুর রহমান ও দশম শ্রেণির ছাত্রী ঝুমা বেগম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র আলাউর রহমান এবং গীতা পাঠ করেন নবম শ্রেণির ছাত্রী বর্ষা দেব।

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আশরাফ আলীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভুমি দাতা হাজী নুরুল ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফয়জুন নূর, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মঈন উদ্দিন, মো. ছমরু মিয়া, আসির উদ্দিন, রাশেদ আহমেদ, শাহিন আলম, আহসান উল্লাহ, মাসুম আহমেদ, দূর্জয় দত্ত্ব ও হীরেন কুমার পাল এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অজিত কুমার দেব।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।