আজকের সময়ের সেরা খবর
ভীতি ছড়াতেই হামলা, জনগণকে সঙ্গে নিয়ে চক্রান্তের জবাব দেবে সরকার: তথ্য উপদেষ্টা

এইসময় ডেস্ক:

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের মধ্যে ভয় তৈরি করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। সরকার জনগণকে সঙ্গে নিয়েই এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের উপযুক্ত জবাব দেবে বলে তিনি আশ্বাস দেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, মানুষ যত বেশি নির্বাচনমুখী হচ্ছে, ততই একটি কুচক্রী মহল নির্বাচনের পরিবেশকে ভীতিকর করে তুলতে সহিংসতা ও আক্রমণের পথ বেছে নিচ্ছে। জনগণ যেন আতঙ্কে ভোটাধিকার প্রয়োগ থেকে সরে আসে—সে লক্ষ্যেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় দেশের গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। যদিও গণমাধ্যম বরাবরই গণতন্ত্র চর্চায় একটি বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে, তবে ওই সময় সঠিক তথ্য জনগণের সামনে আসেনি। তিনি বলেন, অনেক ক্ষেত্রে তথ্য প্রচার করা যায়নি, কিংবা প্রচারে বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তথ্য অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, কোনোভাবেই বিকৃত বা খণ্ডিত নয়। সরকার একটি শক্তিশালী, স্বাধীন ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়। তথ্য উপস্থাপনায় যেন বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং জনগণ সঠিক সত্য জানতে পারে—সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

অজামিনযোগ্য মামলায় অপরাধীদের জামিন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনের আওতায় বিচারকের স্বাধীনতা রয়েছে। বিচারক পরিস্থিতি ও মামলার প্রকৃতি বিবেচনায় জামিন দিতে পারেন কিংবা আসামিকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, একদিকে বলা হয় বিনা বিচারে মানুষকে কারাগারে রাখা হচ্ছে, আবার অন্যদিকে জামিন দেওয়ার বিষয়েও সমালোচনা করা হয়—এই দ্বৈত অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার: মির্জা ফখরুল

এই সময় ডেস্ক:

বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। ৩১ দফায় আমরা স্পষ্ট করে জানিয়েছি—স্বাধীন গণমাধ্যম গড়তে চাই। সে লক্ষ্যে কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলাম।”

তিনি জানান, কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে এবং এর প্রতিবেদনও প্রস্তুত। তবে দুঃখ প্রকাশ করে বলেন, “রিপোর্টটি পরে কোনো আলোচনায় আসেনি। জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে আমরা বিষয়টি অগ্রাধিকার দেব।”

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেই গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। বর্তমান সময়ের অধিকাংশ টেলিভিশন চ্যানেলের উন্নয়ন কার্যক্রমও বিএনপির সময়েই শুরু হয়েছিল বলে দাবি করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “সাংবাদিক সংগঠনগুলো এখন বিভাজিত। রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের নিজেদের সুবিধায় নিতে চায়। সাংবাদিকরা যদি দলীয় হয়ে পড়েন, তবে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।”

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এই সময়ে গণমাধ্যম ফ্যাসিবাদ লালন করেছে। স্বাধীন সাংবাদিকতার জন্য এখনই সাংবাদিকদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া দরকার।”