সিলেট-২ আসনে লুনার সমর্থনে প্রবাসীদের মতবিনিময় সভা, ধানের শীষের বিজয়ে অঙ্গীকার
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে বিভিন্ন দেশ থেকে আগত প্রায় দুইশত প্রবাসীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এনআরবি এলাইন্স এ বিশেষ সভার আয়োজন করে।
সভায় নির্বাচনের উদ্দেশ্যে দেশে আগত যুক্তরাজ্য বিএনপির একটি প্রতিনিধি দল অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। সিলেট অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান এবং প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ইলিয়াস আলীর অসমাপ্ত স্বপ্ন পূরণ এবং বিশ্বনাথ–ওসমানীনগরকে একটি আধুনিক, বৈষম্যহীন জনপদে রূপ দিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। প্রবাসীদের শক্তিই হবে এ বিজয়ের মূল প্রেরণা।”
তিনি আরও বলেন, প্রবাসীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, নিরাপদ রেমিট্যান্স প্রবাহ, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফিরে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিএনপি সরকার অতীতে আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, পোস্টাল ভোট ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রবাসী কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলজার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ খান, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা বশির আহমদ, আবদুল মজিদ, আবদুল কুদ্দুছ, জামাল আহমদ, সিরাজুল ইসলাম, মুমিন খান মুন্না, সেবুল মিয়া, তোফাজ্জল আলম তোফায়েল, আবদুল বাছিত বকুল, মাফিজ খান, বাছির খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত প্রবাসীরা সিলেট-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রবাসী কমিউনিটির মধ্যে ঘরে ঘরে বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন, প্রবাসীবান্ধব নীতি এবং ইলিয়াস আলীর রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে তাহসিনা রুশদীর লুনাই সবচেয়ে যোগ্য প্রার্থী। তাঁদের মতে, বিগত সময়ে এ আসনের প্রত্যাশিত উন্নয়ন হয়নি; ফলে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় কামনা করা হয়।
প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আবেগঘন বক্তব্য এবং ঐক্যবদ্ধ সমর্থনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সিলেট-২ আসনের নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁদের মতে, প্রবাসী অধ্যুষিত এ আসনে এনআরবি কমিউনিটির সক্রিয় অবস্থান নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

