নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
এইসময ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪–০ গোলে পরাজিত করে অর্পিতা-মুনকিদের দল। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে লাল-সবুজের কিশোরীরা।
একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ফলে আগামী শনিবার একই ভেন্যুতে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তৃতীয় মিনিটে মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণ মজবুত করার চেষ্টা করলেও বিরতির আগমুহূর্তে আবারও আঘাত হানে বাংলাদেশ। যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।
দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণভাগ। ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। এরপর ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চলতি টুর্নামেন্টে তিন ম্যাচে আলপির গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে, যা তাকে আসরের অন্যতম সেরা পারফরমার হিসেবে সামনে নিয়ে এসেছে।
এর আগে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, আর দুইবারই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২৪ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে শিরোপা জেতে, আর ২০২১ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবারও সেই পরিচিত প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে আরেকটি শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে লাল-সবুজের কিশোরীরা।

