আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:


ভাইটাল স্ট্রাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের কেবল পরীক্ষাভিত্তিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে দেশ কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারবে না। আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, নির্দিষ্ট পাঠ্যপুস্তকের লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে যুগোপযোগী ও বহুমাত্রিক জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে হবে। তথ্যপ্রযুক্তি, বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে না পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না। শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান দিয়েই শিক্ষার্থীদেরকে সারাজীবন দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার এলাকায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মঈন উদ্দিন আরও বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। সন্তানদের প্রতি সময় দেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া এবং তাদের মধ্যে দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করাই অভিভাবকদের প্রধান দায়িত্ব। মেধাবৃত্তির মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার সাহস তৈরি করে।

উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৭ম শ্রেণীর ৪১৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করে।

রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মো. খালেদ উদ-দীন, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু দে, শাহজালাল মর্ডাণ একাডেমির প্রিন্সিপাল কবি-গীতিকার এইচ এম আরশ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও ব্যবসায়ী নাসির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ওসমানীনগর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের

এই সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে— যে অধিকার স্বৈরাচারী সরকার কেড়ে নিয়েছিল।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রায় আধা ঘণ্টাব্যাপী এ আলোচনায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সময় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়। তিনি শহীদ শরীফ ওসমান হাদির বৃহৎ জানাজা নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকরা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমাদের হাতে প্রায় ৫০ দিন সময় রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা এটিকে একটি দৃষ্টান্তমূলক নির্বাচনে রূপ দিতে চাই।”

টেলিফোনালাপে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

বিশ্বনাথে বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

এই সময় ডেস্ক:
সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ও সোমবার (২২ ডিসেম্বর) দুই দিনব্যাপী বিশ্বনাথের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের মোট ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে কুলসুম রুবিকে আহ্বায়ক এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরীকে সদস্য সচিব করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের তত্ত্বাবধানে পরীক্ষাকেন্দ্র চলাকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল ও বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মণিকাঞ্চন চৌধুরী জানান, সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আর্তসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি মো. মাফিজ খান পাচ্ছেন ‘প্রবাসী সম্মাননা-২০২৫’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও প্রবাসে শিক্ষা, মানবিক ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মো. মাফিজ খানকে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদান করা হচ্ছে।

আগামী ২৭ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানটি কবি নজরুল একাডেমী রিকাবী বাজার,সিলেট-এ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে মো. মাফিজ খানকে এ সম্মাননা প্রাপ্তির বিষয়টি অবহিত করেন।

মো. মাফিজ খান দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত জালালাবাদ সুন্নি জামে মসজিদ-এর সাবেক ট্রাস্টি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গ্রেটার সিলেট  ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট কাউন্সিল, ওয়েস্ট মিডল্যান্ড রিজন-এর সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি, বার্মিংহাম-এর সাবেক সভাপতি ছিলেন।

তিনি গ্রেটার বিশ্বনাথ উপজেলা সমিতি, ওয়েস্ট মিডল্যান্ড-এর সাবেক সভাপতি, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ প্রবাসী শিক্ষা কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি এবং বাংলাদেশ সেন্টার, লন্ডন -এর আজীবন সদস্য এবং লন্ডন ও বাংলাদেশ থেকে প্রকাশিত মাসিক “বাংলা কাগজ” পত্রিকার সভাপতি মন্ডলির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়ান পাউন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা দাতা সদস্য, বিশ্বনাথ এইড এর সদস্য, বিশ্বনাথ এইট্ এবং বিশ্বনাথ ইউনিয়ন এন্ড ওয়েলফেয়ারের ট্রাস্টসহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সত্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর মাধ্যমে প্রতিবছর উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি তিনি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানসহ দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে একজন দায়িত্বশীল কমিউনিটি লিডার হিসেবেও তিনি সুপরিচিত।

এছাড়া তিনি ১৯৯৩ সালে একক ভাবে নিজ অর্থায়নে ৫লক্ষাধিক টাকা ব্যায়ে আমির্তি নদীর পার থেকে নিজ গ্রামের রাস্তায় গার্ডওয়াল সহ মাঠি ভরাট এবং ইট সলিং করেন। অসংখ্য গৃহহীন মানুষকে নিজ অর্থায়নে গৃহনির্মাণ করে দিয়েছেন এবং সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিজ অর্থায়নে নিয়মিত সাহায্য ও সহযোগীতা করে যাচ্ছেন।

তার এই বহুমুখী ও মানবিক অবদানের স্বীকৃতি হিসেবেই জেলা প্রশাসনের উদ্যোগে তাকে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ প্রদান করা হচ্ছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

গণতন্ত্রের ওপর আবারও আঘাত এসেছে: মব ভায়োলেন্সের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

এইসময় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, সেই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।”

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, “আজ বিষয়টি শুধু কোনো একটি গণমাধ্যমের নয়—ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়—আজ আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার আবারও আক্রান্ত হয়েছে। এমনকি জুলাই যুদ্ধের ওপরও আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।”

তিনি আরও বলেন, “অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, এখানে খুব বেশি ব্যাখ্যার কিছু নেই। আজ আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে শুধু সচেতন থাকলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “এটি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিষয় নয়। এখন সময় এসেছে সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার। যারা অন্ধকার থেকে আলোতে যেতে চায়, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়—তাদের সবাইকে এক হতে হবে।”

তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু প্রতিবাদ সভা বা মানববন্ধনে সীমাবদ্ধ থাকলে চলবে না। সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দেবেন। এখনই রুখে দাঁড়ানোর সময়।”

চার বছরের ইকরামের জীবন বাঁচাতে হাত বাড়ান

নিজস্ব প্রতিবেদক:

মাত্র চার বছর বয়সেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে বিশ্বনাথ উপজেলার এক নিষ্পাপ শিশু। উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের সেবুল খানের পুত্র ইকরাম খান (৪) বিগত পাঁচ মাস ধরে ক্যান্সারের সাথে লড়াই করে যাচ্ছে।

বর্তমানে ইকরাম সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে রোগের প্রকৃতি ও চিকিৎসা ব্যয়ের উচ্চতার কারণে, দরিদ্র পিতা সেবুল খান সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়েছেন।

ইকরামের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন প্রায় প্রতিনিয়ত অর্থ সহায়তা। কিন্তু পরিবারটির আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে, প্রতিদিনের ওষুধ ও হাসপাতালের খরচ যোগাড় করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পরিবারটি সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের কাছে সহায়তার হাত বাড়িয়েছেন।

একজন অসহায় পিতা আজ আপনাদের সাহায্যের অপেক্ষায়। আপনার একটি ছোট সহায়তা এই শিশুর জীবনে নতুন আলো এনে দিতে পারে।

যারা ইকরামের চিকিৎসায় সহযোগিতা করতে চান, নিচের বিকাশ নম্বরে অর্থ পাঠিয়ে তার পাশে দাঁড়াতে পারেন:

📱 বিকাশ নম্বর: 01317420938 (পার্সোনাল)

আসুন, একটি শিশুর জীবন বাঁচাতে আমরা সবাই একসাথে হই। মানবিকতার জয় হোক।

বাইয়ে ভারি বৃষ্টি, সৌদি আরব ও কাতারে বিরল তুষারপাত; ফ্লাইট বাতিল-পর্যটন কেন্দ্র বন্ধ

এইসময় ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার মৌসুমের সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ সৌদি আরব ও কাতারের কিছু অঞ্চলে দেখা গেছে অপ্রত্যাশিত তুষারপাত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডন নিউজ, আরব নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে দুবাই ও শারজাহসহ বিভিন্ন এলাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। বৈরী আবহাওয়ার প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর কর্তৃপক্ষ ডজনখানেক ফ্লাইট বাতিল ও বিলম্ব করতে বাধ্য হয়। শুক্রবার শুধু দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সই ১৩টি ফ্লাইট বাতিল করেছে।

রাতভর ভারি বৃষ্টি, বজ্রপাত ও বজ্রধ্বনির কারণে শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। দুবাই এয়ারপোর্টসের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু ফ্লাইট বাতিল ও অনেক ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ ৩০০টিরও বেশি পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ ঘোষণা করা হয়েছে সমুদ্র সৈকত, পার্ক ও বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বছর রেকর্ড বৃষ্টিপাতে দুবাইয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়, সে সময় ২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে।

এদিকে মধ্যপ্রাচ্যের আবহাওয়ায় আরও বিস্ময়কর ঘটনা ঘটেছে সৌদি আরব ও কাতারে। আরব নিউজ ও খালিজ টাইমস জানায়, বুধবার ও বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চল এবং কাতারের বিস্তীর্ণ এলাকায় হঠাৎ তুষারপাত হয়েছে। কাতারের বহু এলাকা ইতোমধ্যে তুষারে ঢেকে গেছে এবং সেই বিরল দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মধ্যপ্রাচ্যে এ ধরনের চরম ও অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি ক্রমেই বাড়ছে।

সচেতন হলে অনলাইনে কেনাকাটা হতে পারে নিরাপদ ও ঝামেলামুক্ত

এইসময় ডেস্ক:

অনলাইনে কেনাকাটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য অর্ডার করার সুবিধা যেমন মানুষের জীবন সহজ করেছে, তেমনি অসচেতনতার কারণে প্রতারণার ঝুঁকিও তৈরি হয়েছে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকলে অনলাইনে কেনাকাটা হতে পারে নিরাপদ ও নির্বিঘ্ন।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে পরিচিত ও বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম বেছে নেওয়া অত্যন্ত জরুরি। নতুন বা অপরিচিত কোনো ওয়েবসাইট থেকে পণ্য কেনার আগে প্রতিষ্ঠানটি কত দিন ধরে কার্যক্রম চালাচ্ছে, তাদের নির্দিষ্ট ঠিকানা ও যোগাযোগের তথ্য রয়েছে কি না—এসব বিষয় ভালোভাবে যাচাই করা উচিত।

এ ছাড়া পণ্য কেনার আগে সংশ্লিষ্ট ব্র্যান্ড বা বিক্রেতা সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন রিভিউ ও গ্রাহকদের মন্তব্য থেকে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

অনলাইনে কেনাকাটার সময় অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর বা অতিরিক্ত গোপন তথ্য সাধারণ কেনাকাটার জন্য প্রয়োজন হয় না। এ ধরনের তথ্য চাওয়া হলে সংশ্লিষ্ট ওয়েবসাইট এড়িয়ে চলাই নিরাপদ।

নিরাপদ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা উচিত। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি বেছে নেওয়াই ভালো। একই সঙ্গে লেনদেনের আগে ওয়েবসাইটে HTTPS নিরাপত্তা ব্যবস্থা আছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন।

পাশাপাশি পাবলিক বা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে অনলাইনে অর্থ পরিশোধ না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার ঝুঁকি থাকে। তাই ব্যক্তিগত ও নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করাই উত্তম।

সচেতনতা ও সতর্কতাই পারে অনলাইনে কেনাকাটাকে নিরাপদ অভিজ্ঞতায় রূপ দিতে।

বাংলা ভাষায় মনোযোগী সাইফ আলি খান, ইঙ্গিত বাঙালি ব্যক্তিত্বের বায়োপিকের

এইসময় ডেস্ক:

বলিউড অভিনেতা সাইফ আলি খান বর্তমানে বাংলা ভাষা শেখায় মনোযোগী— এমন খবরই ঘুরছে বলিপাড়ার অন্দরে। জানা গেছে, আগামী তিন মাস তিনি নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না। এই সময়টুকু তিনি ব্যয় করবেন বাংলা ভাষা ও উচ্চারণভঙ্গি রপ্ত করতে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আলি খান নিজেই বিষয়টির আভাস দেন। তবে বিস্তারিত জানাতে নারাজ অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই কাজ নিয়ে এখনই বেশি কিছু বলা সম্ভব নয়।” এটুকু বলেই রহস্যের আবরণ টেনে দেন তিনি।

সাইফের এমন মন্তব্যের পর নেটিজেনদের কৌতূহল তুঙ্গে— তবে কি বাংলা ছবিতে দেখা যাবে পতৌদি পরিবারের নবাবকে? অভিনেতার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, কোনো এক বাঙালি ব্যক্তিত্বের জীবনীচিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে সেই চরিত্র কে, পরিচালকই বা কে— এসব বিষয়ে কোনো খোলাসা করেননি সাইফ আলি খান। শুধু এটুকুই জানিয়েছেন, বহুদিন পর কোনো চরিত্রের জন্য এতটা গভীর ও নিবিড় প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এদিকে চলতি বছর এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন সাইফ আলি খান। অভিনয়ের চেয়েও সেই ঘটনাকে কেন্দ্র করে তখন বেশি আলোচনায় উঠে আসে তার নাম। দুর্ঘটনার সেই স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায় বলেও জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফ বলেন, ওই ঘটনার পর তার মনে হয়েছিল, তিনি হয়তো আজীবনের জন্য শয্যাশায়ীও হয়ে যেতে পারতেন। নবাবের ভাষায়, দুর্ঘটনার পর তার পা একসময় অসাড় হয়ে গিয়েছিল। তবে একই সঙ্গে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন জীবন পাওয়ার জন্য। তার বিশ্বাস, এই অভিজ্ঞতা তার জীবনে এক ধরনের ‘পুনর্জন্ম’ এনে দিয়েছে।

সব মিলিয়ে বাংলা শেখার প্রস্তুতি ও রহস্যময় নতুন কাজ— সাইফ আলি খানের পরবর্তী পদক্ষেপ ঘিরে অনুরাগীদের অপেক্ষা আরও বেড়েই চলেছে।

সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে ওসমান হাদি

এইসময় ডেস্ক:

সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বিবৃতিতে ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ তায়ালা শহীদের মর্যাদা দান করুন।’

এদিকে, ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর সংবাদ জানানো হয়।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের ভাই হাদি অনন্ত যাত্রায় পাড়ি জমিয়েছেন। আবরার ও আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও শক্তভাবে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক অস্ত্রোপচার করেন।

পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।