আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথেএকলিমিয়াদ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের সাফল্যের ঝলক, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্যের মাধ্যমে উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন গৌরব বয়ে এনেছে। বিজ্ঞান, উদ্ভাবন ও সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফলের কারণে বিদ্যালয়টি এখন উপজেলা জুড়ে প্রশংসিত হচ্ছে।

জানা গেছে, শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত “Science Project and Innovation Idea Showcasing for Secondary Level Students and Teachers” প্রতিযোগিতায় বিশ্বনাথ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়। এ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষার্থীরা আগামী রোববার (১৪ জুন) জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছে।

প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্য শিক্ষার্থী অহনা, জান্নাহ ও রুমকি সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা-এর উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন।

এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দুটি গুরুত্বপূর্ণ অর্জন ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। গত ১৬ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডে অংশ নিয়ে শিক্ষার্থী ইফতেখার হোসেন বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করেন। একইভাবে ‘নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় মাহিয়া বেগম বিভাগীয় পর্যায়ে বিজয়ী হন।

বর্তমানে ইফতেখার হোসেন ও মাহিয়া বেগম জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঢাকায় অবস্থান করছেন।

এ বিষয়ে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমেদ বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডেও নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। তাদের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। আগামী দিনেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের কাছে সকল বিজয়ী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্যের জন্য দোয়া কামনা করেন।

বিশ্বকাপ ২০২৬: ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসরের ৫ অনন্য বৈশিষ্ট্য

এইসময় ডেস্ক:

আগামী ১১ জুন (বাংলাদেশ সময় ১২ জুন) উত্তর আমেরিকায় পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ও ব্যতিক্রমধর্মী আসর—ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে থাকছে একাধিক নতুনত্ব, যা বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। ৪৮ দলের অংশগ্রহণ থেকে শুরু করে জমকালো হাফ-টাইম শো—সব মিলিয়ে এটি হতে যাচ্ছে নজিরবিহীন এক মহাযজ্ঞ।

১. ৪৮ দলের নতুন বিশ্বকাপ

কাতার বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপ খেলেছে ৩২টি দল। তবে এবার সেই প্রথা ভেঙে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দেশ। ফলে ম্যাচের সংখ্যাও বেড়ে ৬৪ থেকে দাঁড়িয়েছে ১০৪টিতে। টুর্নামেন্ট চলবে মোট ৩৯ দিন, যা বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘতম আসরগুলোর একটি।

২. তিন দেশের যৌথ আয়োজন

ফুটবল ইতিহাসে এই প্রথম পুরুষদের বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ একসঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

৩. ইতিহাস গড়তে যাচ্ছে এজটেকা স্টেডিয়াম

মেক্সিকো সিটির ঐতিহাসিক এজটেকা স্টেডিয়াম বিশ্ব ফুটবলে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে। বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে এটি তিনটি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। ১৯৭০ সালে পেলের ব্রাজিল এবং ১৯৮৬ সালে ম্যারাডোনার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতিবিজড়িত এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

৪. গরম আবহাওয়া বড় চ্যালেঞ্জ

জুন-জুলাই মাসের তীব্র গরম ও আর্দ্রতা খেলোয়াড় এবং দর্শকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউডব্লিউএ) প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক-চতুর্থাংশ ম্যাচ ঝুঁকিপূর্ণ গরমের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ফিফা কুলিং ব্রেকের পরিকল্পনা করলেও বিশেষজ্ঞরা আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

৫. ফাইনালে সুপার বোলের আদলে হাফ-টাইম শো

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে যুক্ত হতে যাচ্ছে সুপার বোল ধাঁচের জমকালো হাফ-টাইম বিনোদন আয়োজন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের মধ্যবর্তী বিরতিতে থাকছে বিশ্বখ্যাত তারকাদের লাইভ পারফরম্যান্স, যা ফুটবলপ্রেমীদের জন্য যোগ করবে বাড়তি আকর্ষণ।

বিশ্বকাপ ২০২৬ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি হতে যাচ্ছে ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় বৈশ্বিক উৎসব। নতুন ফরম্যাট, নতুন রেকর্ড, নতুন আয়োজন এবং নতুন অভিজ্ঞতা নিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক স্মরণীয় আসর।

বিশ্বনাথে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সদস্য রনজিত ধর রন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তি, সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুণ বিভু, উপদেষ্টা মন্ডলীর সদস্য স্বরদিন্দু চক্রবর্তি শিবু, নির্মল দাশ, গোবিন্দ দাশ, শশাংঙ্ক বৈদ্য।
বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুনু কান্ত দে, সুবিনয় মালাকার, যুগ্ম সম্পাদক নেপাল কুমার দেব, সাংগঠনিক সম্পাদক প্রনবীর পাল নিলু, সহ সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, অর্থ সম্পাদক বিজয় চন্দ্র দে, সহ প্রচার সম্পাদক নন্দ লাল বৈদ্য, সহ গণসংযোগ বিষয় সম্পাদক বিজয় চন্দ্র দেব, আইন বিষয়ক সম্পাদক বিপ্লব দেব, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র সাহা, সহ গবেষণা বিষয়ক সম্পাদক সুমন দেব, সদস্য ধীরেন্দ্র চন্দ্র সরকার, নকুল বর্ধন, লামাকাজী ইউনিয়নের সভাপতি রজত কান্তি দত্ত রূপক, খাজাঞ্চীর ইউনিয়নের সভাপতি দেবব্রত চক্রবর্তি দেবু, অলংকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রানা সরকার, রামপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর, দেওকলস ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত বৈদ্য, উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাশ রাজীব।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিদ্যাভূষণ চক্রবর্তি, সহ অর্থ বিষয়ক সম্পাদক কানু দেব, দপ্তর সম্পাদক নিশি পাল, প্রচার সম্পাদক রনজিত দাশ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক যিশু আচার্য্য, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অকিল বৈদ্য, পেশাজীবি বিষয়ক সম্পাদক শিল্টু বৈদ্য, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নিরেন্দ্র দাশ, সদস্য নেপাল দেব মেম্বার, সুবীর দেব, নীলকান্ত রুদ্র পাল, উপজেলা যুব ঐক্যের সহ সভাপতি বিষু দেব, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, সাংগঠনিক সম্পাদক শাওন দাস, সহ সাংগঠনিক সম্পাদক দীপ দাশ, সহদেব মালাকার, পরিমল দেব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রিকু সরকার, উপজেলা ছাত্র ঐক্যের সহ সভাপতি প্রবীর দেব, জয় দেবনাথ, যুগ্ম সম্পাদক বিজয় কর্মকার প্রমুখ নেতৃবৃন্দ।

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

এইসময় ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাইপথে দেশে আনা এসব জিরা গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালায়। অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ২৫০ কেজি জিরা পাওয়া গেছে। বাজারদর অনুযায়ী প্রতি কেজি জিরার মূল্য প্রায় ৭৫০ টাকা। সেই হিসাবে জব্দকৃত জিরার মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানো এসব ভারতীয় জিরা একটি ঘরে মজুদ করে রাখা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, “জব্দকৃত জিরা আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

ওসি আরও বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বনাথে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব

বিশ্বনাথ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ‘আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী’ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এ উদ্যোগের সূচনা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি জানান, পর্যায়ক্রমে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের প্রতিটি এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ইউপি সদস্য শামীম আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নুরবী বেগম, সংগঠক লিয়াকত মিয়া, আব্দুর রাজ্জাক, বশির মিয়া, লিটন মিয়া, আলী হোসেন মোল্লা, যুবনেতা আব্দুল ওয়াহিদ, ছাদিকুর রহমান, রিপন মিয়া, জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, শাহ টিপু, রুবেল আহমেদ, এমরান উদ্দিন, অলংকারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেব আহমদ, ছাত্রনেতা খালেদ মিয়া, রহমত আলী, আজাদ মিয়া, ছামি মিয়া, তাওহিদ আহমদ, আরিফ মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ এমপি তাহসিনা রুশদীর লুনার

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, জনবল সংকট এবং অ্যাম্বুলেন্স সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এমপি লুনা বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের কাছ থেকে নানা সমস্যা ও অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের দ্রুত, মানসম্মত ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতাল এলাকায় দালাল চক্রের তৎপরতা রোধ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এমপি লুনা স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি, লিটারে ৫ টাকা বেড়েছে অকটেন, পেট্রোল ও কেরোসিন

এই সময় ডেস্ক:

দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। তবে এবার ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম বড় পরিসরে বৃদ্ধি করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। ওই সিদ্ধান্তের পর ডিজেলের দাম ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত হয়।

সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে গত প্রায় দেড় মাসের ব্যবধানে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম দ্বিতীয়বারের মতো বৃদ্ধি পেল। এতে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওসমানীনগরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কা, চালক-হেলপার নিহত

এইসময় ডেস্ক:

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতির স্লিপার কোচের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) সকালে উপজেলার তাজপুর কদমতলার পূর্বপাশে এম এ আজিজ ইনডোর গ্রাউন্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২ নম্বরের যাতায়াত পরিবহনের একটি বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় বাসটির চালক ও হেলপার নিচে নেমে টুলবক্স খুলে মেরামতের কাজ করছিলেন। এমন সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকা মেট্রো-ব-১১-০২৪১ নম্বরের সেন্টমার্টিন স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই যাতায়াত পরিবহনের চালক সোহেল (৩০) ও হেলপার ইমন (২০) নিহত হন। নিহত সোহেল নরসিংদী জেলার সাহেপ্রতাপ এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। হেলপার ইমনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় বাসে থাকা মো. মাসুম মিয়া (৪৫), ফাহিম (২০), আনাজ (২০) ও জহির (২৫) গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া উভয় বাসের অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনেও কাজ করে তারা। পরে হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোয়াডকে কড়া বার্তা উত্তর কোরিয়ার, ‘পরমাণু অস্ত্র কখনও ছাড়বে না পিয়ংইয়ং’

এই সময় ডেস্ক:

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করায় চার দেশের জোট ‘কোয়াড’-এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি স্পষ্ট করে জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই তারা তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত কোয়াড জোটের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। এর জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, দেশটির পরমাণু নিরস্ত্রীকরণ কখনোই ঘটবে না।

কোয়াডের কঠোর সমালোচনা করে ওই মুখপাত্র বলেন, “কোয়াড একমেরু আধিপত্য প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের কৌশল বাস্তবায়নের রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছু নয়।” তিনি আরও বলেন, উত্তর কোরিয়া কোয়াডের বৈরী মনোভাবের তীব্র নিন্দা জানায় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, কোয়াডের সহযোগিতা জোরদারের মূল উদ্দেশ্য হচ্ছে জাপানের পুনরায় অস্ত্রসজ্জা কর্মসূচি এবং অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন অর্জনের বিষয়টিকে বৈধতা দেওয়া। একইসঙ্গে উত্তর কোরিয়া জানায়, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষায় তারা দৃঢ় অবস্থানে থাকবে এবং অঞ্চলে যেকোনো একচেটিয়া জোট ও সংঘাতমুখী উদ্যোগের বিরোধিতা করে যাবে।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা মন্তব্য করে বলেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই কোয়াডকে এশিয়ায় ন্যাটোর সম্ভাব্য সংস্করণ হিসেবে দেখে আসছে এবং নিয়মিতভাবে এই জোটের সমালোচনা করে। সিউলের মতে, এবার পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া মূলত জাপান ও অস্ট্রেলিয়াকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে চীনের অবস্থানের প্রতিও সমর্থন প্রকাশ পেয়েছে।

এদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে গত মঙ্গলবার (২৬ মে) প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ নেতা Kim Jong Un-এর সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা পরিচালিত হয়।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে কিম জং উন বলেন, নতুন এআই পরিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও সফলভাবে আঘাত হানতে সক্ষম।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ‘স্পেশাল মিশন ওয়ারহেড’ প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি ও নির্ভুলতা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হয়েছে।

দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতির পর এবার নিজেদের কৌশলগত ও প্রচলিত অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণে আরও জোর দিচ্ছে উত্তর কোরিয়া। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় এসব আধুনিক অস্ত্র মোতায়েনের ঘোষণাও দিয়েছে দেশটি।

বিশ্বনাথ পৌরবাসীকে মুমিন খান মুন্না’র ঈদ শুভেচ্ছা


সিলেটের বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুমিন খান মুন্না পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করুক।’ শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গঠনে আগামী পৌর নির্বাচনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
মুমিন খান মুন্না আরও বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফুটুক, এটাই হোক আমাদের প্রত্যাশা।’
মুমিন খান মুন্না বিশ্বনাথ পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। সবশেষে তিনি বলেন, ‘সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।