আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি মাফিজ খানের মায়ের ইন্তেকাল, আজ বাদ আছর জানাজা

নিজস্ব প্রতিবেদক:

কুল্লু নাফসিন জাইকাতুল মউত—এই চিরন্তন সত্যকে স্মরণ করিয়ে দিয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি ও বার্মিংহামের পরিচিত ব্যক্তিত্ব, কমিউনিটির প্রিয়জন রাজনীতিবিদ জনাব মাফিজ খান-এর মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন।

তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পরপরই মাফিজ খান তাঁর সহধর্মিণী ও ছোট ভাই মঈন উদ্দিনকে সঙ্গে নিয়ে শুক্রবার দেশে এসে পৌঁছান।

মরহুমার নামাজে জানাজা আজ শুক্রবার বাদ আছর নিজ গ্রাম হিমিদপুর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশ্বনাথে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সিলেটের বিশ্বনাথে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে অতিথিরা লোকজ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৃণমূল নারী উন্নয়নের সভানেত্রী হাসিনা বেগমের কুটির শিল্প ও অপরাজিতার সভানেত্রী বিলকিস আক্তারের পিঠা সকলের নজর কারে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

দিনব্যাপী এ আয়োজন বিশ্বনাথবাসীর মাঝে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয় এবং বাঙালির চিরায়ত সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে।

‘নিজের কর্মগুনেই সুহেল চৌধুরী মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন’

বিশ্বনাথ প্রতিনিধি
‘ধনী-গরীব সর্বমহলের মানুষের সাথে সুসর্ম্পক রেখে পথচলার কারণেই বিশ্বনাথের মানুষ সুহেল আহমদ চৌধুরীকে বার বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে ছিলেন। সুহেল চৌধুরী নিজ কর্মগুনেই মানুষের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। নিজের জীবনের স্বাদ-আল্লাদ ও ব্যক্তিস্বার্থ ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করা মানুষের মৃত্যু হয়না তারা ওমর হয়ে থাকেন। তারা অন্যের প্রেরণা হয়ে সমাজকে এগিয়ে নেওয়ার যাত্রা শুরু করে যান।’
সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর আত্নার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত ‘দোয়া মাহফিল ও আলোচনা সভা’য় বক্তারা একথাগুলো বলেন। সিলেটের বিশ্বনাথে পৌর শহরের পুরাণ বাজার ধানহাটা প্রাঙ্গনে রোববার (১২ এপ্রিল) বিকেলে ‘বিশ্বনাথ বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের’ উদ্যোগে ওই ‘দোয়া মাহফিল ও আলোচনা সভা’র আয়োজন করা হয়।
সভায় বক্তারা আরোও বলেন, সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে বিশ্বনাথকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুহেল চৌধুরীর স্থানে সর্বস্তরের মানুষ তাঁরই ছোট ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরীকে বসাতে যাচ্ছেন। আর এতে আপনাদের সার্বিক সহযোগীতার একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মরহুম সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরী।
বিশ্বনাথের প্রবীন মুরব্বী গোলাপ খানের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সাজ্জাদ আলী শিপলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আঙ্গুর, দেওকলস ইউনিয়ন পরিষদের ৫নং
ওয়ার্ডের মেম্বার আঙ্গুর মিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন, আরিফ মিয়া, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মনসুর আহমদ, ব্যবসায়ী রুবেল আহমদ।
সভাশেষে দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন। এসময় অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথের হাবড়া বাজারে মানবতার দৃষ্টান্ত—ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ১৫ শতাধিক অসহায় মানুষ

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ:


সিলেটের বিশ্বনাথ উপজেলার হাবড়া বাজারে ব্যতিক্রমধর্মী উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে স্বস্তি ফিরেছে প্রায় ১৫ শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ মুজিবুর রহমানের অর্থায়নে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শেখ মুজিবুর রহমান বলেন, “মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। এলাকার গরিব, অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষ যাতে ন্যূনতম চিকিৎসাসেবা পায়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ। প্রায় ৮ লক্ষাধিক টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “শুধু ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমার অঙ্গীকার। সুস্থ সমাজ গড়তে হলে আগে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে—আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।”

সাংবাদিক রুহেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শফিক আহমদ পিয়ার, জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রহমান রেজা, দৌলতপুর ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা ছমির আলী এবং সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাজী ছমির আলী।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মানবসেবাই নয়, বরং সমাজে সচেতনতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ নিয়মিত হলে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসহায় মানুষ উপকৃত হবে বহুলাংশে।

বিশ্বনাথের গর্ব তানভীর, বাংলাদেশের রত্ন: এমপি লুনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ব্যাডমিন্টনে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জয় করে আব্দুল জাহির তানভীর শুধু বিশ্বনাথের নয়, সমগ্র বাংলাদেশের গর্বে পরিণত হয়েছেন। তাঁর এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫’ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ডাবলসে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করায় তানভীরকে এই সংবর্ধনা দেওয়া হয়। সিলেটের আরেক কৃতিসন্তান গৌরব সিং-এর সঙ্গে জুটি বেঁধে তিনি এ সাফল্য অর্জন করেন।
এমপি লুনা বলেন, তানভীরের সাফল্য বিশ্বনাথের জন্য গর্বের, একই সঙ্গে বাংলাদেশের জন্যও সম্মানের। তার নিরলস পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং একাগ্রতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরও বলেন, একসময় রাজনীতির কিংবদন্তি এম. ইলিয়াস আলী বিশ্বনাথকে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দিয়েছিলেন, আর আজ ক্রীড়াক্ষেত্রে তানভীর সেই গৌরবকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন।
তিনি যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধ ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সরকার ক্রীড়া উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন পর্যায়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল জাহির তানভীর বলেন, নিজের জন্মভূমিতে এমন সম্মান পেয়ে তিনি গর্বিত ও অনুপ্রাণিত। তিনি জানান, বড় ভাই আব্দুল বাছিতের অনুপ্রেরণাই তাকে এ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। তানভীর বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি বিশ্বনাথ ও বাংলাদেশের সম্মিলিত সাফল্য।
তিনি ব্যাডমিন্টনের উন্নয়নে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বিশ্বনাথে একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ব্যাডমিন্টন একটি ব্যয়বহুল খেলা হওয়ায় নিয়মিত অনুশীলনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমাদ উদ্দিন খান।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামে ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন আব্দুল জাহির তানভীর। মদনমোহন বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করার পর ২০১৬ সালে তিনি জাতীয় দলে যোগ দেন। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ২০২০ সালে জাতীয় প্রতিযোগিতায় ডাবলসে রানার্সআপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৪ সালে আবারও রানার্সআপ হন।

বিশ্বনাথে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই, শেষ হাসি আদর্শ ফুটবল একাদশের

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক আকর্ষণীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আয়োজিত এই খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

খেলা শুরুর আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ধারাভাষ্যকার লিটনের সঞ্চালনায় এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী রেজাউল করিম রাজুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিক আহমদ পিয়ার, ইউপি সদস্য আজাদ মিয়া এবং ভাই ব্রাদার্স জুগননগরের অধিনায়ক মহির উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দুর রহমান ফরহাদ, রুহেল আহমদ সাদ্দাম, আমিনুর রহমান, সাইদুর রহমান পলাশ (যুক্তরাজ্য প্রবাসী), জুবেল মিয়া, দিলু মিয়া, রিপন মিয়া, আনহার মিয়া, কামরুজ্জামান, হেলাল, রেজাউল করিম, রাসেলসহ অনেকে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় আদর্শ ফুটবল একাদশ মুখোমুখি হয় ভাই ব্রাদার্স জুগননগর দলের। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করে আদর্শ ফুটবল একাদশকে ১-০ গোলের জয় এনে দেন ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদেক মোল্লা।

খেলায় পরাজিত দল থেকে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ভাই ব্রাদার্সের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় আসাদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলাটি পরিচালনা করেন সিলেট রেফারি সমিতির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি নাজিম উদ্দিন ও জাকির ডন।

পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা: অনলাইন-অফলাইন ক্লাসের সমন্বয়ে পাইলট প্রকল্প শুরু

এইসময় ডেস্ক:

শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে একটি নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ’-এর যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন সময়সূচি অনুযায়ী—রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। অর্থাৎ সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন ক্লাস চালু থাকবে।

তিনি আরও জানান, এটি একটি পাইলট প্রকল্প হিসেবে আগামী সপ্তাহ থেকে চালু করা হবে। মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার দিকে উদ্বুদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। এই পদ্ধতি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, আপাতত এ কার্যক্রম মহানগর ও মেট্রোপলিটন এলাকায় সীমিত রাখা হবে, সারা দেশে নয়। পাশাপাশি, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন এবং ওয়াইফাইসহ অন্যান্য প্রযুক্তিগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই সমন্বিত শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের শেখার দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথের একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার মধ্য দিয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ মাহফিলে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমেদের সভাপতিত্বে এবং আইসিটি সিনিয়র শিক্ষক আলিম উল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

নওধার পূর্বপাড়া জামে মসজিদের সাবেক ইমাম কারী ইসলাম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় চেতনা ছাড়া একজন মানুষ কখনো পূর্ণতা পায় না। বর্তমান প্রজন্মকে সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।”

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আছির উদ্দিন বলেন, “ইলম অর্জনের পাশাপাশি আমল ও চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।”

দক্ষিণ কাঠলিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকর তাঁর বক্তব্যে কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা, সততা ও আল্লাহভীতি প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অনিয়ম দূর হবে।”

নওধার মাঝপাড়া জামে মসজিদের ইমাম সুয়েব আহমদ বলেন, “বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসাথে কাজ করতে হবে।”

বৈরাগী বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল খালিক বলেন, “এ ধরনের মিলাদ ও দোয়া মাহফিল শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সহমর্মিতার বীজ বপন করে।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আশরাফ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয় এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।” তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈরাগী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লোকমান হোসেন, অভিভাবক সভাপতি ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ, বৈরাগী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র ডা. হোসেন আহমদ, প্রক্তন ছাত্র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুর রশিদ ইউসুফ, একলিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, বিএনপি নেতা সেবুল মিয়া, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ফয়জুন নূর, ইসলাম উদ্দিন, ফিরোজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিশ্বনাথে অপরাধ দমনে সর্বমহলের সহযোগিতা চাইলেন ওসি

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক ক্রয়-বিক্রয় প্রতিরোধে সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) রাতে থানা কমপাউন্ডে পুলিশের উদ্যোগে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, “আপনাদের নিজ নিজ এলাকায় যারা চুরি-ডাকাতি, ছিনতাই, জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের তালিকা আমাদের কাছে দিন। বিশ্বনাথকে অপরাধমুক্ত করতে পুলিশের পাশাপাশি আপনাদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে এবং যাচাই-বাছাই শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে জনগণই পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানসহ বিভিন্ন সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, নতুন ও পুরাণ বাজারের ব্যবসায়ী নেতারা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বনাথে জমজমাট ‘বিজ্ঞান মেলা’র উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি:
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বিজ্ঞান মেলা’। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা ১২টি স্টলের মাধ্যমে নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ও মডেল প্রদর্শন করে উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধন শেষে ইউএনও উম্মে কুলসুম রুবি স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছাড়া আধুনিক বাংলাদেশ গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, আইসিটি কর্মকর্তা শোয়েব আখতার, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেলাটি আগামী কয়েকদিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।