আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও ফ্রান্স প্রবাসী আহমেদ পারভেজ -কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে মাদানীয়া মাদ্রাসা মার্কেটের ২য় তলায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি  জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও বর্তমান  সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আহমেদ পারভেজ।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আহমেদ পারভেজ বলেন, প্রবাসে অবস্থান করলেও তিনি সবসময় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কর্মকাণ্ডের খোঁজখবর রাখেন। প্রেসক্লাবের অগ্রযাত্রা ও সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং সদস্য আফজল মিয়া।

বক্তারা আহমেদ পারভেজের সাংবাদিকতা ও সংগঠনের প্রতি অবদানের প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও আহতদের সংবর্ধনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সভাপতি মো. খলিল্লাহ, জুলাই যোদ্ধা শামীম আহমদ, লায়েক আহমদ, আমজদ আলী, আবদুল খালিক ও ফয়ছল আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিশ্বনাথ মডেল মসজিদের ইমাম মাহমুদুর রহমান এবং গীতা পাঠ করেন দেবাশীষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা।

আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম আশরাফুল ইসলামের মৃত্যুতে রোববার দুপুর ২টায় বিদ্যালয়ের হল প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এফসি বার্সার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক কাওছার উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষার্থী হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ব্যবসায়ী ফখরুল ইসলাম। বক্তব্য দেন ইউপি সদস্য জামাল উদ্দিন, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান, তাজুল ইসলাম, আব্দুল হামিদ, সুনু মিয়া এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আলী।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ মিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মরহুম আশরাফুল ইসলামের সাবেক ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফ আহমদ সৌরভ। উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্বনাথে আদনান এন্ড আয়মান মিনি স্টেডিয়ামের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ক্রীড়াঙ্গনে নতুন সংযোজন হিসেবে আদনান এন্ড আয়মান মিনি স্টেডিয়াম-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টায় উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার সড়কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে এবং সংগঠক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা বশির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান এবং খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পর্তুগাল প্রবাসী তালুকদার গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাওছার আহমদ তুলাই, নেছার আহমদ, আং ছাত্তার, আব্দুল বাহার, ছুনু মিয়া, নেফুর আলী, শিপন আহমদ, নাজমুল ইসলাম শিমুল, আব্দুস সালাম, তোফায়েল আহমদ, রাজন খান, মিজানুর রহমান, শিহাব উদ্দিন, জাকির আহমদ, আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বনাথ উপজেলা থেকে ভবিষ্যতে প্রতিভাবান ফুটবলার উঠে এসে জাতীয় দলে খেলে এলাকার সুনাম বয়ে আনবে।

তিনি আরও বলেন, মিনি স্টেডিয়ামটির পরিচালনায় যারা দায়িত্বে থাকবেন, তারা যেন বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করেন এবং ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকেন।

বিশ্বনাথে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের জানাজা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম আর নেই।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নাটপুর গ্রামে।

শনিবার সকাল ১১টায় আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ চৌধুরী। জানাজায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

জানাজার আগে এক সংক্ষিপ্ত স্মরণসভায় মরহুমের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং মানবিক গুণাবলির কথা তুলে ধরে বক্তব্য দেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্ল্যাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম, মনসুর আহমদ বিপ্লবী, আব্দুল হামিদ, পরিবারের পক্ষ থেকে আতিকুর রহমান এবং শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র সহকারী শিক্ষক কাওছার আহমদ।

স্মরণসভা পরিচালনা করেন মরহুম আশরাফুল ইসলামের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য আতিকুর রহমান।

জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য তাঁর নিজ গ্রাম ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাটপুরে নিয়ে যাওয়া হয়।

শিক্ষক আশরাফুল ইসলামের মৃত্যুতে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিবার, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে তাহির আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার আলহাজ্ব শেখ তাহির আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য সচিব ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন শিক্ষার্থীদের হাতে খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, অফিস সহকারী আহমদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় শিক্ষার্থীরা আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের এমন জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “গত বছরও আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি পরিক্ষা দিয়েছি। এতে আমাদের লেখাপড়ার প্রতি আরও আগ্রহ বেড়েছে। প্রতিবছর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আল ইখওয়ান মহিলা দাখিল মাদ্রাসায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের আল ইখওয়ান হাফিজিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম এবং পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আহমদ আলী হিরন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও সমান গুরুত্ব দিয়ে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগেরকাছ ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মনোহর আলী। এছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা কামাল উদ্দিন মিসবাহ, মো. জাহাঙ্গীর আলম, মো. তাজমুল ইসলাম, মো. ফজর উদ্দিন, মো. আবুল কালাম, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল হান্নান, মোছা রেজিয়া জেসমিন, মোছা মিনা বেগম ও মোছা রেহেনা বেগম।

অনুষ্ঠানে আলহাজ মোক্তার আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসার সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি সাংবাদিক আহমদ আলী হিরনকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিশ্বনাথের সামিউল হোসাইনের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স অর্জন

বিশ্বনাথ প্রতিনিধি:

অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্সসহ প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন বিশ্বনাথের কৃতী সন্তান মোহাম্মদ সামিউল হোসাইন। প্রবাসে থেকেও তিনি শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করে পরিবার, আত্মীয়-স্বজন এবং নিজ এলাকার মানুষের জন্য গৌরবের কারণ হয়েছেন।

গত ১৫ জুলাই তিনি পিতা আবুল হোসাইনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন। সামিউল বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ তোতা মিয়া মেম্বারের নাতি এবং যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইনের জ্যেষ্ঠ পুত্র।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করে সামিউল বলেন, “আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বেশি অবদান বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে পরিবার ও বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারি, সেজন্য সবার দোয়া কামনা করছি।”

ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে আবেগাপ্লুত পিতা আবুল হোসাইন বলেন, “নিয়মিত অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সামিউল আজ উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর প্রতি অশেষ শোকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাকে সুস্থ ও সফল রাখেন এবং দেশ-বিদেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”

সামিউলের এ অর্জনে বিশ্বনাথের বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও প্রবাসী মহলে আনন্দের ছাপ পড়েছে। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ঔষধি গাছ রোপণ

বিশ্বনাথ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম-এর উপস্থিতিতে বিদ্যালয় আঙিনায় চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব,  বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাছান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ শাখার নির্বাহী সভাপতি আবুল কাহার, মুফতির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন হেলালী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা ও মুফতির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল কান্তি দাস মেঘল, দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতার ফারুক, দ্বিপবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আহমদ, বিশ্বনাথ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছায়ারুন বেগম, সুপ্রিয়া বৈদ্য, করিমুন নাহার রুচি, ফাতেহা বেগম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গাছের প্রতি ভালোবাসা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয় প্রাঙ্গণে রোপিত গাছগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

“তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই” — ইউএনও জাহিদ বিন কাশেম

বিশ্বনাথ প্রতিনিধি:

“বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তরুণ-তরুণীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ কথাগুলো বলেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় উপদেষ্ঠা পরিষদের সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় ইউএনও প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কম্পিউটার প্রশিক্ষক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের অফিস সহকারী আল আমিন এবং প্রশিক্ষণার্থীরা।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বনাথের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরির এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।