আজকের সময়ের সেরা খবর
সিলেটে মাদরাসাছাত্র অপহরণচেষ্টা: প্রাইভেটকার থেকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক আটক

এই সময় ডেস্ক:
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন নবাবরোড এলাকায় প্রাইভেটকার থেকে এক মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টার ঘটনায় লামাবাজার ফাঁড়ি পুলিশ একজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-উপাত্ত যাচাই করে পুলিশ অভিযানে নামে।

আটককৃত যুবক হলেন সিলেট মহানগরীর লালাদিঘীর এলাকার আলিম মিয়ার ছেলে হিসাম আহমদ (২০)।

পুলিশ সূত্র জানায়, লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অপহরণচেষ্টার ঘটনাটির তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে লালাদিঘীরপারের মাহমুদ ভিলা-৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে হিসাম আহমদকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “অপহরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করলেও পুলিশ বলছে, প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২২ বছরের দুঃস্বপ্নের অবসান: মোরসালিনের জয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

এই সময় ডেস্ক:
২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে ভারতকে ১-০ গোলে হারিয়ে সেই ‘মরীচিকার জয়’কে এবার বাস্তবে রূপ দিলেন হামজা চৌধুরী ও শেখ মোরসালিনরা। জাতীয় স্টেডিয়ামে যেন উৎসবের বন্যা বয়ে গেল মোরসালিনের জয়সূচক গোলের পর।

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের সর্বশেষ সাফল্য। সেই স্মৃতিকে পাতায় পরিণত করে আজ নতুন ইতিহাস লিখেছে জামাল ভূঁইয়ারা।

চোটের কারণে নেপালের বিপক্ষে মাঠে নামতে না পারলেও ভারতের বিপক্ষে ফিরে এসে বাজিমাত করেন মোরসালিন। ম্যাচের ১১ মিনিটে রাকিব হোসেনের দুর্দান্ত পাস থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত ফিনিশিং—ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি। এটি তার ক্যারিয়ারের সপ্তম গোল। গোল হওয়ার পর পুরো স্টেডিয়ামের ২৩ হাজার ৭১২ দর্শক একসাথে উল্লাসে ফেটে পড়ে।

রাকিবের দারুণ পাসটি আসে বাঁ-প্রান্ত দিয়ে দ্রুতগতির ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার পর। বাংলাদেশ গোলের পর আরও কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও তেমন বিপজ্জনক সুযোগ তৈরি করতে পারেনি।

৩১ মিনিটে ভারতের সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। গোলরক্ষক মিতুল মারমা ক্লিয়ার করতে গিয়ে বিপদ ডেকে আনলেও শেষ মুহূর্তে হেডে বল ক্লিয়ার করে দলকে বাঁচান হামজা চৌধুরী। ৪২ মিনিটে হামজার নেয়া দুর্দান্ত ভলিও অল্পের জন্য বাইরে চলে যায়। রক্ষণ, মিডফিল্ড ও আক্রমণ—সব জায়গায় অবদান রেখেছেন লেস্টার সিটির এই তারকা।

বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ভারতের চাপ মোকাবিলা করে খেলে। অর্ধের শুরুর পাঁচ মিনিটেই দুইবার গোলের কাছে গিয়েছিল ভারত, তবে শেষ মুহূর্তে বল বাইরে যায়।

৭০ মিনিটে মোহাম্মেদ সানানের নেওয়া জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে রক্ষা করেন মিতুল। যোগ করা সময়ে আবারও দুর্দান্ত সেভে দলকে বিপদমুক্ত করেন তিনি। শেষ মুহূর্তে দ্বিতীয় গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

তবু শেষ বাঁশি বাজতেই পুরো স্টেডিয়াম, খেলোয়াড়-কোচিং স্টাফরা আনন্দে ভাসেন। ২২ বছরের প্রতীক্ষা শেষ করে এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম ম্যাচে ১-০ গোলের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

অবৈধ পাথর মজুদ: কোম্পানীগঞ্জে পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড

এই সময় ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ্ আরফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রয় ও মজুদ করার অভিযোগে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডাকঘরের পাশে একটি ক্রাশার মিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে ক্রাশার মিলের ম্যানেজারসহ মোট ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। তবে তদন্তে এক ব্যক্তির সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে বাকি পাঁচজনকে মোবাইল কোর্ট ছয় মাসের কারাদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সুনামগঞ্জের ছাতক উপজেলার মুনসুর আহমেদ (২৭) ও কামরুল হাসান (৩১), কোম্পানীগঞ্জের মহিবুর রহমান (২৭), নেত্রকোনার সিদ্দিক মিয়া (৫৩) এবং গোয়াইনঘাটের ময়না মিয়া (৫০)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সাজাপ্রাপ্ত পাঁচজনকে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ এলাকা থেকে উত্তোলিত পাথর যার ক্রাশার মিলেই পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় ৭২ ঘণ্টায় আসামি গ্রে ফ তার

এই সময় ডেস্ক:

হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলায় ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রে ফ তা র করেছে র‍্যাব। র‍্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, ভিকটিম হবিগঞ্জ সদর থানার ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী।

গত ১৩ নভেম্বর দুপুরে ভিকটিমের মা তাকে বাড়িতে রেখে স্কুলে যান। ওই দিন সন্ধ্যায় মায়ের কাছে মেয়েটি ইশারায় জানায়, পাশের একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে সত্যতা যাচাইয়ে ভিকটিমকে অভিযুক্তের বাড়িতে নিয়ে গেলে সে আসামিকে শনাক্ত করে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-৪ এর যৌথ দল ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আশুলিয়ার বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি রনদীর গোপ (৪৫) কে গ্রেফতার করে। তিনি নবীগঞ্জের ঘোষপাড়া গ্রামের মৃত মনিন্দ্র গোপের ছেলে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির

এই সময় ডেস্ক:
জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার স্বার্থে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA)। সোমবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য প্রচার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এজেন্সির মতে, এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার মতো মন্তব্য রয়েছে, এমনকি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি উসকানি বা আহ্বানও দেখা যাচ্ছে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী দণ্ডিত ও পলাতক আসামিদের এ ধরনের বক্তব্য প্রচার আইনসম্মত নয় বলে উল্লেখ করে এজেন্সি জানায়—অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিতকারী তথ্য ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অপসারণ বা ব্লক করতে পারে।

এছাড়া, ধারা ২৬ (১) অনুযায়ী, ছদ্ম পরিচয় বা অবৈধ উপায়ে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রচার করা অপরাধ। ধারা ২৬ (২)-তে এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকতা ও ব্যক্তির স্বাধীনতাকে সম্মান জানালেও দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংসতা, বিশৃঙ্খলা বা উসকানিমূলক বক্তব্য প্রচার গণমাধ্যমের জন্য আইনি ঝুঁকি তৈরি করতে পারে। তাই গণমাধ্যমকে সতর্ক থেকে এ ধরনের কনটেন্ট প্রচার না করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

সৌদিতে মক্কা–মদিনা মহাসড়কে ভয়াবহ দু র্ঘ টনা: তেলেঙ্গানার ৪২ ওমরাহযাত্রী নি হ ত

এই সময় ডেস্ক:
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দু র্ঘ ট না ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। সোমবার স্থানীয় সময় ভোররাতের দিকে এ দু র্ঘ ট না ঘটে।

নিহতরা সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নি হ ত দের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪২ জন নিহতের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু।

জানা গেছে, ওমরাহ পালন শেষে যাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে সৌদি সিভিল ডিফেন্স, হাইওয়ে পেট্রোল ও অ্যাম্বুলেন্স সার্ভিস দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহতদের মদিনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারতজুড়ে শোক নেমে এসেছে। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ ও মরদেহ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে তেলেঙ্গানা সরকার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

জুলাই অভ্যুত্থয়ের মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড

এই সময় ডেস্ক:
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দায় স্বীকার করে ‘রাজসাক্ষী’ হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ে আদালত বলেন, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মোট পাঁচটি অভিযোগের মধ্যে দুইটিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

গত ২৩ অক্টোবর শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণার লক্ষ্যে ১৩ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরপর ১৩ নভেম্বর রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন নির্ধারণ করা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. আমির হোসেন।

এর আগে গত ১০ জুলাই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। একই দিনে সাবেক আইজিপি মামুনের ‘অ্যাপ্রুভার’ হিসেবে দেওয়া আবেদনও মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগসমূহ:
১. উসকানিমূলক বক্তব্য ও গণহত্যা:
গত বছরের ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘রাজাকারের নাতিপুতি’ উল্লেখ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এরপর তার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র দলীয় কর্মীদের মাধ্যমে সারা দেশে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা এবং প্রায় ২৫ হাজারকে আহত করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ:
শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দেন—এমন অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানায় আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামাল এবং সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডও মামলায় প্রমাণ হিসেবে যুক্ত হয়।

৩. রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা:
এই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও মামুনকে সরাসরি অভিযুক্ত করা হয়।

৪. চানখাঁরপুলে ছয়জনকে হত্যা:
রাজধানীতে আন্দোলনকালে ছয়জন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করার অভিযোগেও তাদের বিরুদ্ধে দায় প্রমাণিত হয়।

৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা:
এ ঘটনায়ও তিন আসামিকেই অভিযুক্ত করে আদালত।

রায় ঘোষণার সঙ্গে সঙ্গে মামলার আইনজীবী ও সংশ্লিষ্ট পক্ষগুলো একে বাংলাদেশের বিচার ইতিহাসে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যা দেন।

বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের আয়োজনে ‘৪র্থ মেধা বৃত্তি পরীক্ষা’। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বিশ্বনাথ পৌর শহরের পুরাণবাজার এলাকায় অবস্থিত রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয় এবং ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম ও ৭ম শ্রেণির মোট ৪০৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রের আশপাশে ছিল প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে উচ্ছ্বসিত থাকলেও তাদের নিরাপত্তা, সুষ্ঠু পরীক্ষা পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ফাউন্ডেশন ও বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তারা প্রশ্নপত্র, পরীক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন।
বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সদস্য আহমদ আলী হিরন জানান, উপজেলা জুড়ে মোট ৯২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করে, যার মধ্যে ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। তিনি বলেন, “প্রতিবারের মতো এবারও অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সবার সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে।”
পরীক্ষা কেন্দ্রের সচিব ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, “সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
মোক্তার আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা ও উন্নয়নমূলক কাজ করে আসছে। ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, আগ্রহ এবং আত্মবিশ্বাস বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে অভিভাবক ও শিক্ষকরা মন্তব্য করেছেন।

বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প: সুলভ চিকিৎসা সেবায় প্রতিশ্রুতি অধ্যাপক আব্দুল হান্নানের

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, সমাজে এমন বহু মানুষ আছেন যারা অর্থনৈতিক সংকটের কারণে শহরে গিয়ে দক্ষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারেন না। তাঁদের কথা বিবেচনাতেই এ ধরনের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে এবং আমি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে তৃণমূল পর্যায়ের গরীব মানুষ যাতে সহজে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান, সে লক্ষ্যেই কাজ করবো। মানুষকে সাহায্য করতে সবসময় টাকা লাগে না—মনের ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী এ পথে কাজ করছে।”

শনিবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে ‘বিশ্বনাথ উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এ ক্যাম্পে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের বিভিন্ন বিভাগের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল থেকে ক্যাম্প এলাকায় রোগী ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ—সব মিলিয়ে দিনব্যাপী এই আয়োজন এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড রিকাবী বাজার শাখার ইনচার্জ মামুন সরকার ও ওসমানীনগর ইসলামীক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী মাষ্টার ইমাদ উদ্দিন, মোহাম্মদ মতিউর রহমান, জাহিদুর রহমান, মাষ্টার বাবুল মিয়া, আশিকুর রহমান, হাফিজ মোহাম্মদ আলী, ফখর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবে: কীভাবে চলবে পুরো প্রক্রিয়া

প্রবাসীরা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেবে: কীভাবে চলবে পুরো প্রক্রিয়া
এই সময় ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এই প্রক্রিয়ায় প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার গ্রহণ ও ফেরত পাঠাতে পারবেন।
ইসির পক্ষ থেকে জানানো হয়, ভোটার নিবন্ধন অ্যাপ চালুর পর প্রবাসীরা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করলে তাঁদের বিদেশের ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার পাঠানো হবে। ব্যালট পাওয়ার পর ভোট প্রদান শেষে সেই ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
এ লক্ষ্যে বিদেশে পাঠানো ব্যালট পেপারে থাকবে নিবন্ধিত সব রাজনৈতিক দল ও জাতীয় নির্বাচনে বরাদ্দ ১১৯ প্রকার প্রতীক। একই সঙ্গে থাকবে ‘না ভোট’। কোনো আসনে যদি একমাত্র প্রার্থী থাকেন, শুধুমাত্র সেই আসনের প্রবাসী ভোটাররাই ‘না ভোট’ দিতে পারবেন।
ইসির অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ বলেন, অ্যাপে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর প্রবাসী ভোটার অ্যাপে প্রবেশ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তাঁর আসনের প্রার্থী তালিকা দেখতে পাবেন এবং পছন্দের প্রতীকে ভোট চিহ্নিত করে ব্যালট ফেরত পাঠাবেন।
এ প্রক্রিয়ায় ব্যয় হবে ভোটারপ্রতি ৭০০ টাকা, যা ব্যালট প্রেরণ ও গ্রহণসহ পুরো ডাক ব্যবস্থাপনার জন্য নির্ধারিত।
অ্যাপে নিবন্ধন যেভাবে:
আগামী ১৮ নভেম্বর থেকে প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি শুধুমাত্র বিদেশে ব্যবহার করা যাবে—কারণ জিও-লোকেশন সক্রিয় থাকবে।
নিবন্ধনের ধাপগুলো হলো:

আন্তর্জাতিক মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন

এনআইডির ছবি আপলোড

ফেসিয়াল রিকগনিশন (কমপক্ষে ৭০% মিল থাকতে হবে)

নিজের ছবি ও বিদেশের ঠিকানা প্রদান

পাসপোর্ট থাকলে সেটির তথ্যও দেওয়া যাবে, তবে বাধ্যতামূলক নয়

নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে এবং তৈরি হবে পৃথক ভোটার তালিকা।
কখন ভোট দিতে পারবেন:
প্রবাসীরা ব্যালট পেলেও প্রার্থী চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না। চূড়ান্ত তালিকা প্রকাশের পর অ্যাপে প্রার্থীদের নাম দেখা যাবে। এরপর ভোট চিহ্নিত করে ব্যালট রিটার্ন খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।
ব্যালটের সঙ্গে পাঠানো ঘোষণাপত্রে ভোটারকে স্বাক্ষর করতে হবে। ঘোষণাপত্র ছাড়া পাঠানো ব্যালট বাতিল বলে গণ্য হবে।
জাতীয় নির্বাচনের দিন বিকাল চারটার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো ব্যালটই বৈধ গণ্য হবে। সময়মতো না পৌঁছানো ব্যালট বাতিল হবে।
ইসি বলছে, সময় ব্যবস্থাপনা, ব্যালট সময়মতো পৌঁছানো এবং প্রার্থী পরিবর্তনজনিত পরিস্থিতি—এ তিনটি বিষয়ই এই প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রবাসী ভোটারদের জন্য এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।