আজকের সময়ের সেরা খবর
ওসমানীনগরে দোয়া ও ইফতার মাহফিল: উন্নয়ন ও শান্তির জনপদ গড়তে ঐক্যের আহ্বান এমপি তাহসিনা রুশদীর

এইসময় ডেস্ক:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলী–এর সহধর্মিণী তাহসিনা রুশদীর বলেছেন, উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভেদ নয়, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বুধবার (৪ মার্চ) বিকেলে তাজপুর মঙ্গলচন্ডী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর বলেন, জনগণের ভোট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করা তাঁদের দায়িত্ব। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়ন ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। তিনি এমন একটি সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে, কৃষক ন্যায্যমূল্য পাবে এবং সাধারণ মানুষ হয়রানি ছাড়া সরকারি সেবা গ্রহণ করতে পারবে।

এর আগে বিকেলে তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকটের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি উন্নত জনপদ গড়তে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিতে হবে। জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং নিখোঁজ এম. ইলিয়াস আলীর সুস্থ ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফেরাত কামনা করা হয়।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মইনুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা চেরাগ আলী চেয়ারম্যান, আতাউর রহমান মানিক, আবদুল হাকিম, উপজেলা বিএনপি নেতা শাহ এহিয়া, কয়েছ আহমদ চৌধুরী, আলী আজগর ফয়েজ, রায়হান আহমদ, উপজেলা জামায়তের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রব, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন, সহ সভাপতি আব্দুস সালাম, যুবদল নেতা ফজল আহমদ জনি, ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা রকিব আলী, ছাত্রদল নেতা জুবের আহমদ।

ইফতার মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষাংশে দেশব্যাপী শান্তি, স্থিতিশীলতা এবং নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।