আজকের সময়ের সেরা খবর
বিশ্বনাথে ‘ঈদ উৎসব-২০২৬’ স্মারকের মোড়ক উন্মোচন

বিশ্বনাথ প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত বিশেষ প্রকাশনা ‘ঈদ উৎসব-২০২৬’ স্মারকের মোড়ক উন্মোচন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর বিশ্বনাথ-ওসমানীনগরকে ঘিরে অনেক উন্নয়ন পরিকল্পনা ছিল। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বিশ্বনাথ প্রেসক্লাবের প্রকাশনাকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রেসক্লাবের সদস্যরা এলাকার গুণিজনদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশনার মাধ্যমে প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজামান নূর আসাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, পৌর কৃষক দলের আহ্বায়ক নূর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, সাবেক ছাত্রনেতা শেখ শাহজাহান, ছাত্রনেতা আকরাম, সাজ্জাদ আলী আনসার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, কোষাধ‌্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, কার্যনির্বাহী সদস্য প্রণঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল্লাহ ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।

অনুষ্ঠান শেষে ‘ঈদ উৎসব-২০২৬’ স্মারকের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয় এবং এর সফলতা কামনা করা হয়।

বিশ্বনাথে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের গোল্ডেন মেম্বার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা হুমায়ুন মিয়ার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহে রমজান উপলক্ষে সোমবার (১৭ মার্চ) পৌর শহরের পুরাণ বাজারস্থ আল-মদিনা হোটেলে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সত্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, সততা ও সাহসিকতা বজায় রাখা জরুরি। পাশাপাশি, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও হুমায়ুন মিয়া দেশের সাংবাদিক সমাজের প্রতি যে আন্তরিকতা ও সম্মান প্রদর্শন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, সদস্য মোশাহিদ আলী, আফজল হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।

মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিশ্বনাথবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শেখ মুজিবুর রহমান চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ মুজিবুর রহমান চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সংযম ও মানবতার শিক্ষা। তিনি সকলকে ঈদের প্রকৃত তাৎপর্য ধারণ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, “বিশ্বনাথের প্রতিটি মানুষের সুখ-দুঃখ আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি সবসময় এই জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ বিশ্বনাথ গড়ে তোলাই আমার লক্ষ্য।”

শেখ মুজিবুর রহমান চৌধুরী বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিতে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।

সবশেষে তিনি বিশ্বনাথ উপজেলাবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সকলকে ঈদ মোবারক জানান।