আজকের সময়ের সেরা খবর
গণতন্ত্র, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া: সম্ভাবনা নাকি হুমকি?

এইসময় ডেস্ক:

গণতন্ত্রে গণমাধ্যমকে বলা হয় “চতুর্থ স্তম্ভ”। একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের অবাধ স্বাধীনতা অপরিহার্য। কারণ, গণমাধ্যমই রাষ্ট্রক্ষমতার জবাবদিহি নিশ্চিত করে এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। তাই ইতিহাস বলছে, যখনই কোনো স্বৈরাচারী বা অবৈধ শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তখনই প্রথম আঘাত এসেছে গণমাধ্যমের ওপর—সংবাদপত্রের কণ্ঠরোধ করে জনগণের অধিকার হরণ করা হয়েছে।

কিন্তু তথ্যপ্রযুক্তির বিপ্লব এই বাস্তবতায় এক নতুন মাত্রা যুক্ত করেছে। এখন তথ্যপ্রবাহ আর কেবল মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভরশীল নয়; সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। বিশেষ করে যেসব দেশে গণতন্ত্র দুর্বল এবং সংবাদপত্রের স্বাধীনতা সীমিত, সেখানে সোশ্যাল মিডিয়াই জনগণের প্রধান তথ্যের উৎস হয়ে দাঁড়িয়েছে।

আরব বসন্ত থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহেও এর প্রভাব অনস্বীকার্য। কিন্তু এই সম্ভাবনার পাশাপাশি তৈরি হয়েছে ভয়াবহ এক সংকট।

সমস্যা হলো—সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যের কতটা সত্য, আর কতটা অপপ্রচার? বাস্তবতা হচ্ছে, এখন সত্যের চেয়ে মিথ্যা, তথ্যের চেয়ে গুজব এবং যুক্তির চেয়ে উত্তেজনাই বেশি ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বড় একটি অংশ আজ “ভিউ” ও “ভাইরাল” ব্যবসার ওপর নির্ভরশীল। যাচাইবাছাই ছাড়া চটকদার ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে দিয়ে অনেকেই অর্থ উপার্জন করছে। ফলে সমাজে ছড়িয়ে পড়ছে হিংসা, বিদ্বেষ ও বিভাজন।

আজকের বাস্তবতায় সোশ্যাল মিডিয়া একদিকে যেমন তথ্যপ্রবাহের স্বাধীনতা দিয়েছে, অন্যদিকে এটি হয়ে উঠেছে রাজনৈতিক সহিংসতার ভার্চুয়াল মঞ্চ। ভিন্নমত প্রকাশ করলেই কাউকে “দালাল”, “দেশদ্রোহী” বা “গুপ্তচর” বলে আখ্যা দেওয়া হচ্ছে। ব্যক্তিগত তথ্য ফাঁস, চরিত্রহনন, কুরুচিপূর্ণ মন্তব্য—সবই এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে নারী রাজনীতিকদের প্রতি যে ভাষা ব্যবহার করা হয়, তা সভ্য সমাজে অকল্পনীয়।

ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার)—সব জায়গাতেই যুক্তির জায়গা দখল করে নিচ্ছে গালাগালি। রাজনৈতিক মতবিনিময়ের জায়গা হয়ে উঠছে অপসংস্কৃতির কেন্দ্র। দলনিরপেক্ষ মত প্রকাশ করলেই প্রশ্ন ওঠে—“আপনি কোন দলে?” ভিন্নমত মানেই শত্রুতা—এমন এক অসহিষ্ণু সংস্কৃতি সমাজে গভীরভাবে প্রোথিত হচ্ছে।

এখানেই শেষ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সংগঠিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এই ‘ডিজিটাল বাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করছে এবং সত্যকে আড়াল করছে।

মিথ্যা তথ্য বা ‘ডিসইনফরমেশন’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় হুমকি। এটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং অনেক সময় সরাসরি সহিংসতায় রূপ নেয়। বিশ্বের বিভিন্ন দেশে গুজবের কারণে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। বাংলাদেশেও ফেসবুকভিত্তিক গুজবের জেরে সাম্প্রদায়িক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে—যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেলিং ও ‘হানি ট্র্যাপ’-এর মতো অপরাধও বেড়ে গেছে। ভুয়া প্রোফাইল, বিকৃত ছবি বা মিথ্যা তথ্য ব্যবহার করে ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায় কিংবা সামাজিকভাবে হেয় করার ঘটনা ক্রমেই বাড়ছে। এমনকি বিচারব্যবস্থার বাইরে গিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক মাধ্যমে “বিচার” করার প্রবণতা তৈরি করেছে—যা আইনের শাসনের জন্য বড় হুমকি।

এই পরিস্থিতি চলতে থাকলে কেবল তথ্যপ্রবাহই ক্ষতিগ্রস্ত হবে না; বরং রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হবে। সবচেয়ে বড় কথা, হুমকির মুখে পড়বে আমাদের গণতন্ত্র।

তাই এখনই সময় সমন্বিত উদ্যোগ নেওয়ার।

প্রথমত, নাগরিকদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা সত্য-মিথ্যা যাচাই করতে পারে।
দ্বিতীয়ত, প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের অ্যালগরিদমে স্বচ্ছতা আনতে হবে এবং ভুয়া তথ্য দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, ধর্মীয় নেতা ও সুশীল সমাজকে অনলাইনে সহনশীলতা ও সত্যনিষ্ঠার সংস্কৃতি গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
চতুর্থত, সরকারকে এমন নীতিমালা প্রণয়ন করতে হবে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

গণতন্ত্র কোনো সহজলভ্য অর্জন নয়; এটি বহু ত্যাগ ও সংগ্রামের ফল। দায়িত্বহীনতা, অপপ্রচার ও ভিউ-নির্ভর সংস্কৃতির কাছে এই অর্জনকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।

সোশ্যাল মিডিয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এর নৈরাজ্য রোধ করতেই হবে—এখনই, দৃঢ়ভাবে।

বিশ্বনাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় রোমান আহমদ (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (আজ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বড়খুরমা এলাকায় নিজ ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আব্দুল হামিদের সর্ব কনিষ্ঠ ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টা পর্যন্ত রোমান আহমদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তাকে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

ইরানি হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন শিক্ষা, বাড়ছে অনিশ্চয়তা

এইসময় ডেস্ক:

মধ্যপ্রাচ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ইরানের সম্ভাব্য হামলার হুমকির মুখে জরুরি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে স্থানান্তর শুরু করেছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে।

সম্প্রতি Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ও ইসরায়েল-ঘনিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

এই হুমকির প্রেক্ষিতে লেবাননের American University of Beirut (এইউবি) সোমবার ও মঙ্গলবার তাদের সব ধরনের শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে Lebanese American University-ও জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে তারা সাময়িকভাবে দূরশিক্ষণ পদ্ধতিতে ক্লাস চালাবে।

অন্যদিকে, Qatar News Agency-এর তথ্যমতে, যুদ্ধ শুরুর দিন থেকেই কাতার সরকার দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য অনলাইন শিক্ষা চালুর নির্দেশ দেয়। এর আওতায় রয়েছে Georgetown University in Qatar, Texas A&M University at Qatar এবং Virginia Commonwealth University School of the Arts in Qatar-এর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান।

এছাড়া কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন আমেরিকান বিশ্ববিদ্যালয়ও চলতি মাসের শুরু থেকে একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

আইআরজিসির সরাসরি হুমকির কারণে মধ্যপ্রাচ্যের উচ্চশিক্ষা খাত এখন গভীর অনিশ্চয়তা ও নিরাপত্তা সংকটে পড়েছে। হাজার হাজার শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিতে বাধ্য হচ্ছেন, অনেকেই ক্যাম্পাস ছেড়ে বাসায় অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হঠাৎ করে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গবেষণা কার্যক্রম, ল্যাব ব্যবস্থাপনা এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়ছে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার হুমকি বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থা ও শিক্ষাবিদরা বলছেন, যুদ্ধের রাজনৈতিক সংঘাতে শিক্ষাঙ্গনকে জড়িয়ে ফেলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি দীর্ঘমেয়াদে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন দেশের দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে।

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হ*ত‌্যা, চালক গ্রেপ্তার

এইসময় ডেস্ক:

নড়াইল সদর উপজেলার তুলারামপুরে এক ভয়াবহ ঘটনায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ট্রাকচাপায় নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করেছে।

নিহত নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের আকরম সরদারের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী জিহাদুল ইসলাম, তিনি তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিম উদ্দীন জানান, ঘটনার আগে ট্রাকচালক সুজাত পাম্পে তেল নিতে আসে। কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে তেল দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চালক সুজাত নাহিদকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেয়।

পাম্পের অপর কর্মচারী সোহান ইসলাম বলেন, হুমকি দেওয়ার পরও সুজাত পাম্প এলাকায় অবস্থান করছিল। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাহিদ কাজ শেষ করে জিহাদুলকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলে সুজাত ট্রাক নিয়ে তাদের পিছু নেয়।

সন্দেহ হলে পাম্পের কর্মচারীরা মোটরসাইকেলে করে ট্রাকটির পেছনে ধাওয়া করেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পান, সুজাত ট্রাক দিয়ে নাহিদকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং জিহাদুল গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে র‌্যাব যশোরের বাঘারপাড়া এলাকা থেকে ঘাতক ট্রাকচালক সুজাতকে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাহরাইনে ১০২টি খুচরা দোকানে অভিযান, মূল্যবৃদ্ধির অভিযোগে এক দোকান বন্ধ

এই সময় ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ খুচরা বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ব্যাপক পরিদর্শন অভিযান পরিচালনা করেছে।

মন্ত্রণালয়ের পরিদর্শন অধিদপ্তর জানায়, পণ্যের মূল্যস্তর যাচাই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, আইন লঙ্ঘন ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিধিবিধানের বাস্তবায়ন মূল্যায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

অভিযানের আওতায় সারা দেশে মোট ১০২টি খুচরা দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়। এর মধ্যে রাজধানী মানামা, আল হিদ্দ, দিয়ার আল মুহাররাক, পূর্ব রিফা এবং ইসা টাউন-এর বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।

পরিদর্শনকালে একটি দোকানে অযৌক্তিকভাবে টর্চলাইটের দাম বৃদ্ধি করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানটিকে প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশ্বনাথে হযরত খাজা পীর শাহ্ আহমদ আলী চিশতী (রাহ.)-এর ৭৭তম ওরস মোবারক সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ওলীয়ে কামিল হযরত খাজা পীর শাহ্ আহমদ আলী চিশতী (রাহ.)-এর ৭৭তম বার্ষিক পবিত্র ওরস মোবারক।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) চিশতিয়া দরবার শরিফ তেলীকোনা পীর বাড়ী প্রাঙ্গণে এ ওরস মোবারক অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসনের অনুমতি ও সার্বিক সহযোগিতায় এবং গ্রাম ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে দিনভর ও রাতব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত-আশেকান, সুফি সাধক, পীর-মাশায়েখ, আলেম-উলামা, ফকির-মাস্তান ও বাউলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভক্তদের উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ধর্মীয় আবহে।

ওরস উপলক্ষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, জিকির-আজকার, হামদ-নাত ও তসবিহ-তাহলিলের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানমালা অব্যাহত থাকে।

আয়োজকরা জানান, দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে এবারের ওরস মোবারক।

জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে কঠোর সরকার, তথ্যদাতাকে পুরস্কার

এই সময় ডেস্ক:
দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। অবৈধভাবে তেল মজুতের সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বিক সরবরাহ পরিস্থিতি নজরদারিতে জেলা পর্যায়ে গঠন করা হচ্ছে বিশেষ ‘ভিজিল্যান্স টিম’।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব ভিজিল্যান্স টিম কাজ করবে। টিমগুলো ডিপো, ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ, মজুত ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে। কোথাও অস্বাভাবিক মজুত, সরবরাহে গড়মিল বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হচ্ছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত, মজুতদারির মাধ্যমে বাজার অস্থির করা বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল, জরিমানা ও লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাধারণ জনগণকে সচেতন হয়ে অবৈধ মজুতদারির বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, অবৈধ মজুতদারি সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এতে করে অনিয়মের বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়বে এবং বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যের কেইগলি’র নতুন ডেপুটি মেয়র বিশ্বনাথের হাজী আব্দুস শহিদ

এই সময় ডেস্ক:
যুক্তরাজ্যের কেইগলি টাউন কাউন্সিলের আসন্ন পৌর বছরের জন্য ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর আব্দুল শহিদ। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে ডেপুটি টাউন মেয়র হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত ডেপুটি মেয়র কাউন্সিলর আব্দুল শহিদ বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার একজন কৃতী সন্তান। তিনি উপজেলার দশঘর নোয়াগাঁও (নোয়াহাটী) গ্রামের বাসিন্দা হাজী আব্দুর রাজ্জাক ও আরিজা খাতুনের ছোট ছেলে এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি রুহেল উদ্দিনের বড় ভাই। প্রবাসে থেকে স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের সেবায় নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

তার এই সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ নিজ জন্মভূমি বিশ্বনাথ উপজেলায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই বলেছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়।

জানা গেছে, কাউন্সিলর আব্দুল শহিদ ২০১৯ সালে লকহোম ও শোফিল্ড ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি দ্রুতই সুনাম অর্জন করেন। পরবর্তীতে ২০২৩ সাল থেকে তিনি নোল পার্ক ওয়ার্ডের প্রতিনিধিত্ব করে আসছেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা, কমিউনিটি উন্নয়ন এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

কেইগলি টাউন কাউন্সিল সূত্রে জানা যায়, নবনির্বাচিত ডেপুটি মেয়রের এই মনোনয়ন আগামী ১৪ মে ২০২৬ অনুষ্ঠিতব্য কাউন্সিলের বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসে বসবাসরত একজন বাংলাদেশির এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

কৃষিতে স্বচ্ছতা ও আধুনিকায়নে ‘কৃষক কার্ড’ চালু: প্রথম ধাপে পাচ্ছেন ২১ হাজার কৃষক


এই সময় ডেস্ক:

দেশের কৃষি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে সরকার চালু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘কৃষক কার্ড’। প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে এই কার্ড।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আট বিভাগের ১১টি উপজেলার ১১টি ব্লকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে মোট বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা।

আগামী ১ বৈশাখ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।

এই উদ্যোগের আওতায় প্রতিটি কৃষক পরিবার একটি করে ‘কৃষক কার্ড’ পাবে। তবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের। নীতিমালা অনুযায়ী, এসব কৃষককে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই অর্থ ব্যবহার করা যাবে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ কেনার পাশাপাশি মৎস্য ও গবাদিপশুর খাদ্য সংগ্রহেও। ফলে শস্যচাষি, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিরা সবাই এই সুবিধার আওতায় আসছেন।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সরাসরি ভর্তুকি ও প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, সাশ্রয়ী সেচ সুবিধা, কৃষিপণ্য বিক্রির সুযোগ, প্রশিক্ষণ, আবহাওয়া তথ্য ও রোগবালাই প্রতিরোধে পরামর্শ।

এই কর্মসূচির অন্যতম বিশেষ দিক হলো—প্রতিটি কৃষকের জন্য সোনালী ব্যাংকে একটি করে অ্যাকাউন্ট খোলা হবে এবং দেওয়া হবে ডেবিট কার্ড। কার্ডে জমা থাকা সরকারি সহায়তার অর্থ কেবল নির্ধারিত ডিলারের পস মেশিনের মাধ্যমে কৃষি উপকরণ কেনার জন্য ব্যবহার করা যাবে।

ফলে সহায়তার অর্থ অন্য খাতে ব্যয়ের সুযোগ থাকবে না, নিশ্চিত হবে স্বচ্ছতা ও সঠিক ব্যবহার।

তবে এই কার্ড শুধু সরকারি সহায়তার জন্য নয়—এটি সাধারণ ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে। কৃষক নিজস্ব অর্থ জমা রেখে তা প্রয়োজন অনুযায়ী ব্যয় করতে পারবেন। এতে গ্রামীণ এলাকায় ব্যাংকিং সেবার প্রসার এবং সঞ্চয়ের প্রবণতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের প্রায় ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি খাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হবে এবং প্রকৃত কৃষকের হাতে সরাসরি সহায়তা পৌঁছানো সহজ হবে।

ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির

এই সময় ডেস্ক:

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বর্তমানে বহুমুখী যুদ্ধের চাপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক নেতৃত্ব ও বিরোধী দলীয় নেতারা। সৈন্য সংকট এবং সুনির্দিষ্ট রণকৌশলের অভাবকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছেন যে ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। সংরক্ষিত সেনারা ইতোমধ্যে পঞ্চম ও ষষ্ঠ দফা রোটেশনে কাজ করায় তারা চরম ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্যের অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার এক টেলিভিশন বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফ্রিন জানিয়েছেন, বিভিন্ন সীমান্তে বিশেষ করে লেবানন, গাজা, পশ্চিম তীর ও সিরিয়ায় বাড়তি সেনার চাহিদা বেড়েছে। লেবানন সীমান্তে সামনের প্রতিরক্ষা বলয় শক্তিশালী করতে অতিরিক্ত আইডিএফ বাহিনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে সরকারের তীব্র সমালোচনা করে বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, আইডিএফকে সামর্থ্যের বাইরে ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার কোনো স্পষ্ট কৌশল বা প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠিয়েছে এবং আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখা হচ্ছে। পর্যাপ্ত সৈন্য না থাকায় সেনাবাহিনী তাদের লক্ষ্যপূরণে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এই সংকট উত্তরণে লাপিদ আল্ট্রা-অর্থোডক্স হারেদি সম্প্রদায়কে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগের দাবি তুলেছেন। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তারা সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসলেও, বর্তমান পরিস্থিতিতে তাদের ড্রাফট বা নিয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। লাপিদ স্পষ্টভাবে বলেন, যারা এই নিয়োগ প্রক্রিয়া এড়াতে চাইবে তাদের সব ধরনের সরকারি অর্থায়ন বন্ধ করতে হবে এবং পলাতকদের খুঁজে বের করে সেনাবাহিনীতে যুক্ত করতে হবে।

উল্লেখ্য, ইসরায়েলে সামরিক সেবা বাধ্যতামূলক হলেও হারেদি সম্প্রদায়ের পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার্থীদের কার্যত এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্য সংকট তীব্র হওয়ায় দেশটিতে এই নিয়ম পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে।