আজকের সময়ের সেরা খবর
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার যুক্তরাজ্য সফর উপলক্ষে শুভকামনা

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আজ যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

যুক্তরাজ্যে পৌঁছালে তাঁকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিশ্বনাথ ও ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।

মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা যাত্রাপথে সকলের নিকট দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং তাঁর এ সফর দেশ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য কল্যাণকর ও ফলপ্রসূ হয়, সে জন্য সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।

আমরা মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, তিনি যেন মাননীয় সংসদ সদস্যের সফর নিরাপদ, কল্যাণময় ও সফল করেন এবং তাঁকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন।

বিশ্বনাথে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ, মেডিকেল অফিসার ডা. মো. আমান উল্লাহ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, ফায়ার সার্ভিস লিডার চিত্ত রঞ্জন বৈদ্য, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার চমন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল ভূইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাশ, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোহাম্মদ ছারওয়ার জাহান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান।

সভায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, বন্যা ও ভারী বর্ষণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, জরুরি সেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে দ্রুত সাড়া দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জাহিদ বিন কাশেম বলেন, দুর্যোগ মোকাবিলায় সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। তিনি দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান ও কার্যকর তদারকির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান অমির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মনন, শৃঙ্খলা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সূত্রধর, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার এবং বিএডিসির কর্মকর্তা নাজমুল হক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আব্দুল মান্নান রিপন, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান নূর ও আবুল কালাম রুনু। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অভিভাবক সামুল মিয়া, দবির মিয়া, হাফিজ রেজা, ফয়জুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বছরের শেষেই ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইনসের উড়ান

ফিরছে ফ্লাইদুবাই, আসছে সালামএয়ার; বাড়বে আন্তর্জাতিক গন্তব্য, জোরদার হবে সিলেটের বৈশ্বিক যোগাযোগ

এইসময় ডেস্ক:

কাগজে কলমে আন্তর্জাতিক বিমানবন্দর হলেও এতদিন বিদেশি এয়ারলাইনসের নিয়মিত উপস্থিতি ছিল না সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। সরকারের উদ্যোগে চলতি বছরের শেষ নাগাদ একাধিক বিদেশি এয়ারলাইনস ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে। একই সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক কার্গো ওয়্যারহাউস নির্মাণ, নতুন আন্তর্জাতিক টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন বা চলমান রয়েছে। আন্তর্জাতিক মানের এসব সুবিধা তৈরি হলেও এতদিন বিদেশি কোনো এয়ারলাইনস নিয়মিত ফ্লাইট পরিচালনা করেনি। ফলে বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওসমানী বিমানবন্দর থেকে লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আগামী আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস সিলেট-মক্কা ও সিলেট-মদিনা রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইনস হিসেবে ২০১৫ সালের ১ এপ্রিল ফ্লাইদুবাই ফ্লাইট পরিচালনা শুরু করে। শুরুতে সপ্তাহে পাঁচ দিন এবং পরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করলেও ব্যবসায়িক কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা সিলেট-দুবাই রুট থেকে কার্যক্রম গুটিয়ে নেয়। তবে এখন আবারও এ রুটে ফিরতে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, ফ্লাইদুবাইকে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতা দেওয়া হবে। সংশ্লিষ্টদের আশা, সব প্রক্রিয়া সম্পন্ন হলে বছরের শেষ নাগাদ আবারও সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ারলাইনসটি।

এদিকে ওমানের বাজেট এয়ারলাইনস সালামএয়ারও সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রুটে ফ্লাইট চালু হতে পারে। এতে কম খরচে ওমানপ্রবাসী যাত্রীদের যাতায়াতের সুযোগ আরও সহজ হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানিয়েছেন, প্রাথমিকভাবে সালামএয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে।

এরই মধ্যে গত রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চালু হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ভবিষ্যতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন শহরের সঙ্গেও সরাসরি আকাশ যোগাযোগের পথ উন্মুক্ত হবে। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ ও সাংস্কৃতিক যোগাযোগে নতুন গতি আসবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল বলেন, “ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ সক্ষমতা এখনো কাজে লাগানো হয়নি। বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চালু হলে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। একই সঙ্গে বিপুলসংখ্যক প্রবাসী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী সরাসরি উপকৃত হবেন।”

সিলেট-চট্টগ্রামসহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, স্থল নিম্নচাপের প্রভাবে বাড়ছে নদ-নদীর পানি

এইসময় ডেস্ক:

স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, দেশের অধিকাংশ প্রধান নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কয়েকটি পাহাড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

চট্টগ্রাম বিভাগে বাড়ছে বন্যার ঝুঁকি

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহেও সতর্কতা

সিলেট অঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও কংস নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে।

এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মার পরিস্থিতি

পূর্বাভাস অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি কিছুটা বেড়েছে। আগামী দুই দিন পানি কমে পরবর্তী তিন দিন আবার বাড়তে পারে। তবে নদীটি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর পানি কিছুটা বাড়লেও তা বিপদসীমার নিচেই থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

রংপুরে আপাতত স্বস্তি

রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এ ধারা অব্যাহত থাকার পর পরবর্তী দুই দিনে পানি আবার বাড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বনাথে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথে সারা দেশের ন্যায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, র‌্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল-আমিনের সভাপতিত্বে এবং সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক হাসান মাহমুদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, আইসিটি অফিসার সুয়েব আক্তার, পরিদর্শক মনির হোসেন এবং সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক)-এর পরিদর্শক রনজিৎ গোস্বামী।

এছাড়াও অনুষ্ঠানে সুফলভোগী সমবায়ী নাজমা বেগম, আলা উদ্দিন ও সালেহ আহমদ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, পল্লী উন্নয়নই দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সমবায় কার্যক্রম, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাহমুদুর রহমান মিলাদ এবং গীতা পাঠ করেন রনজিৎ গোস্বামী। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল-আমিন।

বক্তারা পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ, স্বাবলম্বী ও উৎপাদনমুখী করে তুলতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসময় তারা  পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের এ উদ্যোগ সফল করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমবায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালু করতে দ্রুত প্রক্রিয়া শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

এইসময় ডেক্স:

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় জানানো হয় যে, একাধিক দেশি ও বিদেশি বেসরকারি কোম্পানি এসব শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তারা বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দিয়েছে, যা এখন সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়া স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্বনাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

হিন্দু-মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই -এমপি লুনা

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সনাতন ধর্মালম্বীরা সংখ্যালঘু নন, আমাদের সকলের পরিচয় আমরা সবাই বাংলাদেশী। আপনারা নিজেদেরকে ছোট করে না দেখে আসুন হিন্দু-মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা

স্বাধীনভাবে নিজেরা নিজেদের ধর্ম পালন করব এবং সকল ভালো কাজে একে অপরকে হযোগীতা করব, আর আইন মেনে অপরাধীদেরকে শাস্তির আওতায় আনতে সবাই সবাইকে সহযোগীতা করব। তিনি আরোও বলেন, কেন্দ্রীয় পর্যায়ের ৮ দফা দাবী’সহ সনাতন ধর্মালম্বীদের সকল দাবী আদায়ের ব্যাপারে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। আর বিএনপি যেহেতু উন্নয়নবান্ধব সরকার, সেহেতু পর্যায়ক্রমে দেশের অবহেলিত ও বঞ্চিত জনসাধারণকে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।

তিনি শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, স্বাধীন এই দেশে আমরা সংখ্যালঘুরা নিজেদের নিরাপত্তা চাই। সমঅধিকার ও সমমর্যাদা নিয়ে বেঁচে থাকলে পারলেই আমাদের চলবে। কেন্দ্রীয় পর্যায়ে থাকা আমাদের ৮ দফা দাবী সঠিকভাবে পূরণ করা হলে এদেশে সংখ্যালঘুদের আর কোন দাবী থাকবে না। আর এটি বাস্তবায়নে সরকারের সু-দৃষ্টিকামনা করছি।

বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে’র সভাপতিত্বে এবং সদস্য কাজল মালাকার ও গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব।

বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক কোষাধ্যক্ষ কানু রঞ্জন দেব, পূজা বিষয়ক সম্পাদক বিজয় দেব, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাস্টার অজিত দেব, জেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল, হিন্দু কমিউনিটি নেতা ঝলক আচার্য্য।

অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু ও স্বাগত বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু।

দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সুনিল কান্তি দে’কে সভাপতি, কানু রঞ্জন দেব’কে সাধারণ সম্পাদক, গোবিন্দ মালাকার ও কাজল মালাকার যুগ্ম সম্পাদক এবং সুমন দেব’কে সাংগঠনিক সম্পাদক করে বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্র ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, নানু মিয়া, মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল মিয়া, মোমিন খান মুন্না, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম প্রমুখসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার ব্রাইট ফিউচার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করেছে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষার্থীর হাতে খাতা ও কলম তুলে দেন আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আহমদ আলী হিরণ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মকবুল আলী, স্কুল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মফিজ আলী, সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ শাহ কয়েছ আহমদ এবং প্রচার সম্পাদক এরশাদ আলী। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমদ আলী হিরণ বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ার কারিগর। তাদের লেখাপড়ার পথকে আরও সহজ ও উৎসাহব্যঞ্জক করতে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষা একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “শুধু খাতা-কলম বিতরণ নয়, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ভবিষ্যতেও ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষা বিস্তারে সমাজের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে ভবিষ্যতেও বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

খাতা-কলম পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানায়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করবে।